আবু মুসা (স্বপন), ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
সরকারি নির্দেশনা অনুযায়ী শনিবারের বিশেষ কর্মদিবসেও নিজ কার্যালয়ে পাওয়া যায়নি নওগাঁর ধামইরহাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্বামাম মাহমুদাকে। নির্ধারিত সময়ে অফিস খোলা হলেও সকাল সাড়ে ১০টা পর্যন্ত কার্যালয়ে অনুপস্থিত ছিলেন তিনি। এমনকি অনুপস্থিতির বিষয়ে সাংবাদিকদের কাছে মিথ্যা অজুহাত ও অসত্য তথ্য দিয়ে দায় এড়ানোর অভিযোগ উঠেছে এই কর্মকর্তার বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনামোতাবেক শনিবার (১৭ অক্টোবর) উপজেলা প্রশাসনের সকল দপ্তর যথারীতি খোলা রেখে কর্মদিবস পালন করা হচ্ছিল। নির্ধারিত সময়ে অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ে উপস্থিতি নিশ্চিত করলেও ব্যতিক্রম দেখা যায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে। স্থানীয় গণমাধ্যমকর্মীরা সরেজমিনে গিয়ে নির্দিষ্ট সময় পার হওয়ার পরও মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্বামাম মাহমুদাকে অফিসে দেখতে পাননি।
অনুপস্থিতির বিষয়ে যোগাযোগ করা হলে খন্দকার মাক্বামাম মাহমুদা দাবি করেন, তিনি জাহানপুর ইউনিয়নে খাদ্য বিভাগের চাল সরবরাহের তদারকি দায়িত্বে নিয়োজিত আছেন। তবে গণমাধ্যমকর্মীরা উপজেলা খাদ্য দপ্তরে খোঁজ নিয়ে জানতে পারেন, খাদ্য বিভাগের চাল সরবরাহের কাজে তার কোনো দায়িত্বই ছিল না। খাদ্য বিভাগের তথ্যের সাথে কর্মকর্তার মন্তব্যের কোনো মিল না থাকায় সাংবাদিকদের বিভ্রান্ত করে নিজের অপকর্ম ঢাকার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠে।
পরবর্তীতে সরকারি কোনো ছুটি অনুমোদন আছে কি না, জানতে চাইলে ছুটি না থাকার বিষয়টি স্বীকার করে তিনি জানান, তিনি অন্য একটি কাজে বাইরে আছেন। তবে নিয়মিত সময়ে কার্যালয়ে অনুপস্থিত থাকার সুনির্দিষ্ট কারণ জানতে চাওয়া হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
স্থানীয়দের মতে, এই কর্মকর্তার নিয়মিত কর্মস্থলে অনুপস্থিতি ও দায়িত্ব অবহেলার ঘটনা নতুন নয়। ইতিপূর্বেও একাধিকবার তাঁর কার্যালয় ফাঁকি দেওয়ার সংবাদ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হলেও অজ্ঞাত কারণে তিনি বহাল তবিয়তে রয়ে গেছেন।
এ বিষয়ে মুঠোফোনে জানতে চাওয়া হলে নওগাঁ জেলা মহিলা বিষয়ক দপ্তরের উপ-পরিচালক আমিনা খাতুন বলেন, "ধামইরহাটের কর্মকর্তা আজ কোনো ছুটিতে নেই। কার্যালয়ে তাঁর অনুপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।"
সামগ্রিক বিষয়ে ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তাহমিনা সারমিন জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবহিত হয়েছেন এবং পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪