নিজস্ব প্রতিবেদক,
জুলাই মাসে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মামলায় পুলিশের উপপরিদর্শক (এসআই) সুকান্ত কুমার দাশকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
সুকান্ত কুমার দাশ বর্তমানে চুয়াডাঙ্গা জেলা পুলিশে সংযুক্ত রয়েছেন। চুয়াডাঙ্গা সদর থানার এসআই মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খুলনা সদর থানা থেকে মামলার অধিযাচনপত্র পাওয়ার পর আসামি সুকান্তকে থানায় তলব করা হয়। তিনি স্বেচ্ছায় থানায় উপস্থিত হলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে, গত মঙ্গলবার খুলনার ইস্টার্ন গেট এলাকায় স্থানীয় জনতা তাকে মারধর করে খানজাহান আলী থানা পুলিশের হাতে তুলে দেয়। তবে ওই রাতেই পুলিশ তাকে ছেড়ে দেয়। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে বিভিন্ন ছাত্র সংগঠন।
পরদিন বুধবার দুপুর থেকে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সদর দপ্তর ঘেরাও করে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। পরে রাতে ছাত্ররা চলে গেলে পুলিশ তালা ভেঙে কার্যালয় ত্যাগ করে।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৪টা থেকে আন্দোলনকারীরা আবারও কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে কেএমপি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা খানজাহান আলী সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪