আন্তর্জাতিক ডেস্ক,
ভারতের অযোধ্যার পুরা কলন্দর থানা এলাকার পাগলা ভারি গ্রামে ভয়াবহ এক বিস্ফোরণে একটি বাড়ি ধসে পড়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
ঘটনার পরপরই পুলিশ, দমকল বাহিনী ও প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, এখনো ধ্বংসস্তূপের নিচে কয়েকজন আটকা থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
সার্কেল অফিসার (সিও) শৈলেন্দ্র সিং জানিয়েছেন, “বিস্ফোরণে পাঁচজনের মৃত্যু হয়েছে। কয়েকজন আহত হয়েছেন। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।”
অযোধ্যার পুলিশ সুপার (এসএসপি) গৌরব গ্রোভার জানান, ধসে পড়া বাড়িটির মালিক স্থানীয় বাসিন্দা পাপ্পু গুপ্ত। ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানা না গেলেও ফরেনসিক দল তদন্ত শুরু করেছে।
জেলা ম্যাজিস্ট্রেট নিখিল টিকারাম ফান্ডে বলেন, “বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। ফরেনসিক দল ঘটনাস্থলে কাজ করছে। নিহতদের শনাক্ত করার চেষ্টা চলছে।”
এদিকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনার খবর জেনে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তিনি স্থানীয় প্রশাসনকে দ্রুত উদ্ধার অভিযান শেষ করে আহতদের চিকিৎসার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের বাড়িগুলো খালি করা হয়েছে। ধ্বংসস্তূপ সরাতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্ধার অভিযান তদারকি করছেন।
(সূত্র: দ্য ইকোনমিক টাইমস, পিটিআই)
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪