নিজস্ব প্রতিবেদক
শরীয়তপুরের পালং এলাকায় আটক আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান লিটন মুন্সির মুক্তির দাবিতে বিএনপির কিছু নেতা-কর্মীর বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি নেতারা দাবি করেছেন, এটি দলের কোনো অনুমোদিত কর্মসূচি ছিল না।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার বিনোদপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন মুন্সি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন। সম্প্রতি আটক হওয়া আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান লিটন মুন্সির মুক্তির দাবিতে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে বিএনপির কিছু নেতা-কর্মীও ছিলেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দেয়।
এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, আওয়ামী লীগের কোনো নেতার মুক্তির দাবিতে বিএনপির নেতা-কর্মীদের অংশগ্রহণ সাধারণ মানুষের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক এবং রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। তাঁদের মতে, কোনো রাজনৈতিক দলের ওপর আরোপিত বিধিনিষেধ বা নিষেধাজ্ঞা আদালতের মাধ্যমে প্রত্যাহার হলে তারা স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারে। তবে তার আগে এ ধরনের কর্মসূচি গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে।
যদিও স্থানীয় বিএনপি নেতারা এ মিছিলের দায় অস্বীকার করেছেন। বিনোদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন মাদবর বলেন, “এটি ইউনিয়ন বিএনপির কোনো কর্মসূচি ছিল না। বিনোদপুর ইউনিয়ন বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের কিছু ব্যক্তি দলকে বিতর্কিত করার উদ্দেশ্যে এ মিছিল করেছে। বিষয়টি নিয়ে আমরা জেলা বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেব।”
এদিকে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার আসাদুজ্জামান লিটন মুন্সিকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পদ্মা সেতু সংলগ্ন এলাকায় গুপ্ত মিছিল এবং সরকারবিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্তাধীন।”
ওসি আরও জানান, এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনাটি নিয়ে এলাকায় রাজনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। স্থানীয় বিএনপি নেতারা বলছেন, দলের নীতির বাইরে গিয়ে কেউ কোনো কর্মকাণ্ডে জড়িত থাকলে সাংগঠনিকভাবে তা খতিয়ে দেখা হবে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪