আতিউর রাব্বি তিয়াস, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় চাঁদা না দেওয়ায় চারটি পরিবারের বসতবাড়ি ও দোকানঘর ভাঙচুর, লুটপাট এবং জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
আজ শনিবার সকালে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের দুলালী রত্নাহার গ্রামে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা এসব অভিযোগ তুলে ধরেন।
লিখিত বক্তব্যে জহির উদ্দিন অভিযোগ করেন, একই গ্রামের কিছু প্রভাবশালী ব্যক্তি সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের পৈত্রিক সম্পত্তিতে হামলা চালান। এতে বসতবাড়ি ভাঙচুর, নগদ টাকা ছিনতাই এবং আসবাবপত্র লুটপাট করা হয়। পাশাপাশি তাঁদের দখলে থাকা জমি জোরপূর্বক দখল করে নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
অন্য ভুক্তভোগী আনোয়ার হোসেন বলেন, তাঁর বসতবাড়িতে ৫০ থেকে ৬০ জনের একটি দল হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। এ সময় প্রাণভয়ে পরিবারের সদস্যরা অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হন।
মাফিজুল ইসলাম অভিযোগ করেন, তাঁর দোকানঘর ভাঙচুর করে দখলের চেষ্টা করা হয়। স্থানীয়দের বাধার মুখে হামলাকারীরা সরে গেলেও তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
আব্দুর কুদ্দুস বলেন, তাঁর ঘরে হামলা চালিয়ে সরিষা, ধান, আলুসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নেওয়া হয়েছে। বাধা দিতে গেলে তাঁকে মারধরের চেষ্টা করা হয়।
স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে খতিয়ানভুক্ত জমি ভোগদখল করে আসলেও হঠাৎ করে একটি পক্ষ তা জোরপূর্বক দখলে নেয় এবং নিয়মিত হুমকি দিচ্ছে।
তবে অভিযোগ অস্বীকার করে স্থানীয় ইউপি সদস্য আব্দুল হাকিম বলেন, তিনি উভয় পক্ষকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন। তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে বলে দাবি করেন তিনি।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা বলেন, বসতবাড়ি ভাঙচুর ও জমি দখলের বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪