নিজস্ব প্রতিনিধিঃ
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে নওগাঁ জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা পেয়েছে বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুল। একাডেমিক ফলাফল, অবকাঠামো উন্নয়ন ও সহশিক্ষা কার্যক্রমে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ টানা দ্বিতীয়বারের মতো এই সম্মাননা অর্জন করল ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি।
১৪ জানুয়ারি (বুধবার) নওগাঁ জেলা শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। সংশ্লিষ্টরা বলছেন, পাঠদানসহ ১৬টি ভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেই বিদ্যালয়টি জেলার সেরা হিসেবে নির্বাচিত হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, উন্নত বিজ্ঞানাগার, আধুনিক শ্রেণিকক্ষ, সমৃদ্ধ গ্রন্থাগার ও আইসিটি ল্যাবসহ প্রয়োজনীয় শিক্ষাসুবিধা নিশ্চিত করা হয়েছে এখানে। পাশাপাশি বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, রেড ক্রিসেন্ট ও স্কাউট কার্যক্রমেও শিক্ষার্থীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ রয়েছে। সামাজিক দায়িত্ব পালনের অংশ হিসেবে বৃক্ষরোপণ, রক্তদান ও মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রমেও সক্রিয় প্রতিষ্ঠানটি।
১৯৪০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে বদলগাছী অঞ্চলের মাধ্যমিক শিক্ষার অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। ২০১৮ সালের ২১ মে এটি সরকারি বিদ্যালয়ে রূপান্তরিত হয়। সাম্প্রতিক বছরগুলোতে জেএসসি ও এসএসসি পরীক্ষায় ধারাবাহিকভাবে ভালো ফল করছে শিক্ষার্থীরা। ২০২৪ সালে শতভাগ পাস এবং সারাদেশে পাশের হার তুলনামূলক অনেক কম হওয়ার পরও ২০২৫ সালে ৯৮ শতাংশ পাসের হার ধরে রেখেছে বিদ্যালয়টি।
একাধিক শিক্ষক জানান, “নিয়মিত ক্লাস, কঠোর শৃঙ্খলা ও অভিভাবকদের সঙ্গে নিবিড় যোগাযোগই আমাদের সাফল্যের মূল ভিত্তি। পাশাপাশি মাল্টিমিডিয়া ক্লাস ও অনলাইন একাডেমিক ব্যবস্থাও চালু হয়েছে।”
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোজাফফর হোসেন বলেন, আমাদের বিদ্যালয় পরপর দুইবার জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষ নিরলস কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে আরও বড় অর্জনের লক্ষ্যে তারা কাজ করছেন। তিনি আরও বলেন, এটি উপজেলার একটি সেরা প্রতিষ্ঠান। আশা করি, বিভাগীয় পর্যায়েও আমরা সাফল্য অর্জনের পর একদিন দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পাবো”
এদিকে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোজাফফর হোসেনের চাকরির মেয়াদ শেষ হওয়ায় বিদ্যালয়ের ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রাখতে তাঁকে প্রেষণে নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪