আন্তর্জাতিক ডেস্ক,
একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু, বিবিসির প্রখ্যাত সাংবাদিক মার্ক টালি আর নেই। আজ রোববার ভারতের দিল্লির একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
মার্ক টালি দীর্ঘদিন ব্রিটিশ গণমাধ্যম বিবিসিতে কর্মরত ছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বিবিসি রেডিওর মাধ্যমে পাকিস্তানি বাহিনীর গণহত্যা ও বাঙালির দুর্দশার বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরেন তিনি। মুক্তিযুদ্ধের সেই উত্তাল সময়ে তাঁর রিপোর্ট ছিল আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পক্ষে জনমত গঠনের অন্যতম উৎস।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্ক টালির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর সাবেক সহকর্মী সতীশ জ্যাকব।
ব্রিটিশ-ভারতীয় এই সাংবাদিক ১৯৭১ সালে বিবিসির দক্ষিণ এশিয়াবিষয়ক সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেন। বিবিসি রেডিওতে প্রচারিত তাঁর সংবাদ মুক্তিযুদ্ধের খবর জানার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিবিসি বাংলার তথ্যমতে, মার্ক টালির জন্ম ১৯৩৫ সালের ২৪ অক্টোবর কলকাতার টালিগঞ্জে। পেশাগত জীবনের বড় একটি অংশ তিনি ভারতে কাটান। টানা প্রায় ২০ বছর নয়াদিল্লিতে বিবিসির দক্ষিণ এশিয়া সংবাদদাতা হিসেবে কাজ করেন তিনি।
বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ঘুরে ঘুরে সংবাদ সংগ্রহ করেছেন মার্ক টালি। ১৯৭১ সালের এপ্রিলের শেষ সপ্তাহে মুক্তিযুদ্ধের খবর সংগ্রহ করতে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানে আসেন। সে সময় পাকিস্তানি সরকার প্রথম ও শেষবারের মতো মাত্র দুইজন বিদেশি সাংবাদিককে বাংলাদেশে প্রবেশের অনুমতি দিয়েছিল। তাঁদের একজন ছিলেন মার্ক টালি। ওই সফরে তিনি ঢাকা থেকে সড়কপথে রাজশাহী যান।
সেই অভিজ্ঞতা সম্পর্কে মার্ক টালি একসময় বলেছিলেন, পাকিস্তানি সেনাবাহিনী যখন সীমান্ত এলাকা পর্যন্ত পৌঁছে পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছিল, তখনই তাদের বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তাঁর সঙ্গে ছিলেন ব্রিটেনের ডেইলি টেলিগ্রাফ-এর যুদ্ধবিষয়ক সংবাদদাতা ক্লেয়ার হলিংওয়ার্থ।
বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্ক টালি বলেন, স্বাধীনভাবে ঘুরে পরিস্থিতি দেখার সুযোগ পাওয়ায় তাঁদের প্রতিবেদন বিশেষ গুরুত্ব পেয়েছিল। ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে তিনি সড়কের দুই পাশে গ্রাম পর গ্রাম পুড়িয়ে দেওয়ার দৃশ্য প্রত্যক্ষ করেন এবং ব্যাপক হত্যাযজ্ঞের প্রমাণ পান।
মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার ২০১২ সালে মার্ক টালিকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদান করে। বিবিসি থেকে অবসর নেওয়ার পর তিনি ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করে গেছেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪