আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
দীর্ঘদিন ধরে চলা বিভাগীয় মামলার ফলস্বরূপ জয়পুরহাটের আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানাকে উপ-পরিদর্শক (এসআই) পদে পদাবনতি (ডিমোশন) দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।
পুলিশ বিভাগের একাধিক সূত্র জানিয়েছে, মাসুদ রানা ২০১৮ সালে রংপুর জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) পরিদর্শক (ইন্সপেক্টর) হিসেবে কর্মরত থাকাকালীন রংপুরের পীরগঞ্জ থানার একটি হত্যা মামলায় ঘুষ গ্রহণ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ ঘটনায় বিভাগীয় তদন্ত শুরু হয় এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ওসি পদ থেকে অবনতি করে এসআই পদে তিন বছরের জন্য নিযুক্ত করা হয়েছে।
মাসুদ রানা ২০২৩ সালের ২০ জুলাই আক্কেলপুর থানায় ওসি (তদন্ত) হিসেবে যোগ দেন এবং পরবর্তীতে ২০২৫ সালের ৮ মার্চ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেন। সর্বশেষ, ২০২৫ সালের ২৪ মার্চ তিনি আক্কেলপুর থানার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, “২০১৮ সালের একটি ঘটনার পরিপ্রেক্ষিতে বিভাগীয় মামলা হয়েছিল। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে।”
এই পদক্ষেপকে পুলিশ বিভাগে শৃঙ্খলা রক্ষায় একটি দৃষ্টান্তমূলক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪