সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতঃ
শিল্প, স্মৃতি ও সৃজনশীলতার আবহে কলকাতায় শুরু হলো পেন্টাগনের আয়োজিত ৬৫তম বার্ষিক চিত্রপ্রদর্শনী। গত ২৮ ফেব্রুয়ারি বিকেল সাড়ে পাঁচটায় শহরের ঐতিহ্যবাহী শিল্পাঙ্গন Academy of Fine Arts–এর নিউ সাউথ গ্যালারিতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বিশিষ্ট চিত্রশিল্পী ধীরেন শাসমল।
অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের প্রয়াত তিন প্রতিষ্ঠাতা ও স্রষ্টাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁদের হাত ধরেই পেন্টাগনের পথচলা শুরু হয়েছিল এবং সেই ঐতিহ্যের ধারাবাহিকতাকেই সামনে রেখে এবারের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।
প্রদর্শনীটি চলবে ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে গ্যালারি।
শিল্পের বৈচিত্র্যে সমৃদ্ধ আয়োজন
এবারের প্রদর্শনীতে দেশ-বিদেশে স্বীকৃত একাধিক শিল্পীর কাজ স্থান পেয়েছে। অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে রয়েছেন ধীরেন শাসমল, অঞ্জনা দত্ত, রাজীব সুর রায়, সুব্রত ঘোষ, উৎপল ঘোষ, গৌতম সরকার, শ্রাবণী গাঙ্গুলী, সুব্রত কর্মকার, দেবর্ষি শাসমল ও সুজিত কুমার ঘোষ প্রমুখ।
তুলির সূক্ষ্ম টান, রঙের সাহসী ব্যবহার এবং নানা শৈলীর কল্পনাপ্রসূত উপস্থাপনায় প্রদর্শিত কাজগুলো দর্শকদের শিল্পভাবনায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন শিল্পবোদ্ধারা।
আয়োজকদের বক্তব্যে উঠে আসে, পেন্টাগন প্রতি বছরই এই প্রদর্শনীর মাধ্যমে নবীন ও প্রবীণ শিল্পীদের জন্য একটি মিলনমঞ্চ তৈরি করতে চায়।
তাঁরা বলেন, "আমরা চেষ্টা করি সকল প্রজন্মের শিল্পীদের কাজ একসাথে তুলে ধরতে। আমাদের যাঁরা পথ দেখিয়েছেন, তাঁদের স্মৃতিকে ধারণ করেই নতুন করে এগিয়ে চলার এই প্রয়াস।”
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানো হয়। অনেকেই পেন্টাগনের ধারাবাহিক শিল্পচর্চা ও নতুন শিল্পী তৈরির ভূমিকার প্রশংসা করে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দোল উৎসবের প্রাক্কালে এই প্রদর্শনীকে “রঙের এক সৃজনোৎসব” হিসেবে আখ্যায়িত করেছেন আয়োজকরা। তাঁদের মতে, শিল্পই পারে মানুষকে একত্রিত করতে এবং স্মৃতি, শিক্ষা ও সৃজনশীলতার মাধ্যমে সমাজকে নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করতে।
৬৫ বছরের ঐতিহ্য অতিক্রম করে পেন্টাগনের এই প্রদর্শনী কেবল একটি শিল্পমেলা নয়, এটি একাধারে স্মরণ, সাধনা এবং ভবিষ্যৎ শিল্পচর্চার অঙ্গীকার।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪