
আধ্যাত্মিকতা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের অপূর্ব সমন্বয়ে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশআড়া–কাশিমপুর এলাকায় অবস্থিত ভান্ডারিয়া দরবার শরীফ-এ শুরু হয়েছে ৩২তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫।
শনিবার (২৯ নভেম্বর) দুপুর ৩টায় বাঁশআড়া–কাশিমপুর সংযোগস্থলে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তিন দিনব্যাপী এ উৎসব চলবে ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিনই থাকছে গুণীজন সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী মেলা।
উৎসবের শুভ সূচনায় প্রধান আলোচক ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কে এম আলম টমে, সাধারণ সম্পাদক, কুমারখালী উপজেলা শিল্পকলা একাডেমি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. মোঃ আবুল হাশিম, প্রখ্যাত বিশেষজ্ঞ সার্জন ও প্রাক্তন বিভাগীয় প্রধান (ফরিদপুর ও বগুড়া মেডিকেল কলেজ)।
সংবর্ধিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, খন্দকার লিপু আমির, সভাপতি, কুমারখালী প্রেসক্লাব, মোঃ সোহাগ মাহমুদ, সাধারণ সম্পাদক, কুমারখালী প্রেসক্লাব; এস এম মিকাইল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সভাপতি, উপজেলা শিল্পকলা একাডেমি, সৈয়দা রাশিদা বারী, বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সাংবাদিক, শম্পা দাস, বিশিষ্ট সাংবাদিক ও সম্পাদক (ভারত), সৈয়দা তানিয়া সিমি, শুভ্রা বিশ্বাস, বকুল চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন, মিজানুর রহমান লাকি, শিশির অধিকারী, ফারুক হোসেন, সুজন হোসেনসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি ও দরবার শরীফের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিদের ফুলের মালা ও স্মারক দিয়ে সংবর্ধিত করা হয়। একই সঙ্গে প্রত্যেক অতিথিকে দরবার শরীফের উদ্যোক্তা শাহ সূফি মোহাম্মদ নকছের আলী ভান্ডারী এর রচিত গান ও কবিতার বই উপহার দেওয়া হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, নকছের ভান্ডারীর মানবকল্যাণমূলক উদ্যোগ ও আধ্যাত্মিক প্রচেষ্টা সমাজে সম্প্রীতি ও মানবিক চেতনাকে আরও বিস্তৃত করছে। সম্মিলিত সহযোগিতায় এই ওরশ উৎসব ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়বে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
অনুষ্ঠানের এক আবেগঘন মুহূর্তে বক্তব্য রাখতে গিয়ে উদ্যোক্তা নকছের আলী ভান্ডারী কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, অসংখ্য কষ্ট, ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে দরবার শরীফকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন। ব্যক্তিগত স্বীকৃতির চেয়ে এলাকাবাসী ও ভক্তদের সম্মিলিত অংশগ্রহণই তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।
তিনি আরও জানান, তাঁর কাব্য ও গানের সংকলন “মুনি ঋষির ভাব” ইতোমধ্যে প্রকাশিত হয়েছে এবং তাঁর রচিত গান বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হচ্ছে। বক্তব্যের শেষে তিনি এলাকাবাসী, প্রশাসন, পুলিশ ও দরবার শরীফের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।
আধ্যাত্মিকতা ও লোকসংস্কৃতির এই তিন দিনব্যাপী উৎসব কাশিমপুর এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪