মো. বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি
সারাদেশে সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের প্রভাব পড়েছে কুড়িগ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানেও। জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা চলমান থাকলেও সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষকদের কর্মবিরতির কারণে গত দুই দিন ধরে পরীক্ষা বন্ধ রয়েছে।
জেলার বিভিন্ন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষকরা আন্দোলনের প্রতি সমর্থন জানালেও শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে বেশিরভাগ স্কুলেই বার্ষিক পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। তবে চিলমারী ও রৌমারীর কয়েকটি বিদ্যালয়ে পরীক্ষায় জটিলতা দেখা দিলে শিক্ষা কর্মকর্তা ও অভিভাবকদের সহায়তায় পরীক্ষা নেওয়া হয়।
অন্যদিকে সরকারি মাধ্যমিক পর্যায়ে আন্দোলনের কারণে পরীক্ষা স্থগিত হওয়ায় বিপাকে পড়েছে হাজারো শিক্ষার্থী। নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা দিতে শিক্ষার্থীরা স্কুলে গেলেও পরীক্ষা ছাড়াই ফিরে যেতে হচ্ছে। জেলা শিক্ষা অফিস জানায়, জেলার ১০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে অন্তত পাঁচটিতে পরীক্ষা বন্ধ ছিল।
জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, সরকারি চাকরিজীবী হিসেবে এভাবে আন্দোলন বিধিসম্মত নয়। বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হয়েছে এবং সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
