ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির এক নেতাসহ তাঁর সহযোগীদের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
আহত আমানুজামান আমান দৈনিক কালবেলা পত্রিকার ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর অভিযোগ, বিকেলে ইউএনও কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে একটি আলোচনা সভা চলছিল। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাবেক কাউন্সিলর সেলিম হোসেনসহ কয়েকজন কক্ষে ঢুকে হঠাৎ আমানুজামান আমানের ওপর হামলা চালান।
অভিযোগে বলা হয়, হামলার সময় তাঁর পরনের কাপড় ছিঁড়ে ফেলা হয় এবং ব্যবহৃত মোবাইল ফোন ও ওয়ালেট ছিনিয়ে নেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত ব্যক্তিরা উপজেলা কার্যালয়ের গেটে অবস্থান নেন। ইউএনও কার্যালয় থেকে বের হওয়ার পর ওই সাংবাদিকের ওপর আবারও হামলা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
আমানুজামান আমান বলেন, “ইউএনও কার্যালয়ে সভা চলাকালে আমার ওপর হামলা করা হয়। পরে অফিস থেকে বের হওয়ার পর আবারও আমাকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।”
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই সাংবাদিককে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয়। পরে পুলিশি পাহারায় তাঁকে বাসায় পৌঁছে দেওয়া হয়।
এ বিষয়ে জানতে ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪