নিজস্ব প্রতিবেদক
সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত কর্মকাণ্ড ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে এক তরুণীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তার হওয়া তরুণীর নাম তাহরিমা জান্নাত সুরভী (২১)। তিনি নিজেকে গত বছরের জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের একজন ‘সমন্বয়ক’ হিসেবে পরিচয় দিতেন।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, তাহরিমা জান্নাত সুরভীর বিরুদ্ধে কালিয়াকৈর থানায় একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মামলাটি করেন নাইমুর রহমান দুর্জয় নামের এক যুবক। মামলায় চাঁদাবাজি, অপহরণ করে অর্থ আদায় এবং ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ আনা হয়েছে।
ওসি মেহেদী হাসান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সুরভীর বিরুদ্ধে সেনাবাহিনী প্রধানকে নিয়ে নিয়মিত কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগও রয়েছে। এ ছাড়া তিনি বিভিন্ন লাইভ ও ভিডিওর মাধ্যমে ব্যক্তি বিশেষকে টার্গেট করে ভয়ভীতি প্রদর্শন করতেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।
পুলিশের তদন্তে আরও উঠে এসেছে, সম্প্রতি সংঘবদ্ধ একটি প্রতারক চক্র রাজধানীর গুলশানের এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকা আদায় করেছে। গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত একাধিক হত্যা মামলায় আসামি বানানোর ভয় দেখিয়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে এই অর্থ আদায় করা হয়।
তদন্ত কর্মকর্তারা জানান, মামলার ভয়, পুলিশি হয়রানি ও গ্রেপ্তারের আতঙ্ক সৃষ্টি করে পরে ‘মীমাংসা’ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ নেওয়া হয়। প্রাথমিক তদন্তে দেখা গেছে, এই চক্রটির নেতৃত্বে ছিলেন তাহরিমা জান্নাত সুরভী। নিজের ভাইরাল পরিচিতিকে কাজে লাগিয়ে তিনি বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ গড়ে তুলতেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশের দাবি, চক্রটি বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজির মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকা আদায় করেছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাজীপুর মহানগর কমিটির আহ্বায়ক হোসাইন আল মামুন বলেন, ‘তিনি জুলাই যোদ্ধা ছিলেন কি না, সে বিষয়ে আমার নিশ্চিত কোনো তথ্য নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।’
টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, যৌথ বাহিনীর অভিযান শেষে সুরভীকে থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪