মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতীতে গুচ্ছগ্রামের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় হুজুরা বেওয়া (৮৩) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার ভালুকা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ভালুকা গ্রামের মৃত আমেজ উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা গ্রামের আক্রাম মিয়ার দখলে থাকা সরকারি খাসজমি উদ্ধার করে সেখানে গুচ্ছগ্রাম নির্মাণ করা হয়। ওই গুচ্ছগ্রামে সরকারি বরাদ্দ পান মানিক মিয়া নামে এক ভূমিহীন ব্যক্তি। তবে জমি হারানো আক্রাম মিয়া ও তার পরিবার দীর্ঘদিন ধরে মানিক মিয়ার পরিবারের ওপর নানাভাবে অত্যাচার চালিয়ে আসছিল বলে স্থানীয়রা জানান।
এর জের ধরে শনিবার দুপুরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে প্রতিবেশী বৃদ্ধা হুজুরা বেওয়া সংঘর্ষের মাঝে পড়ে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আব্দুল করিম নামে এক যুবককে আটক করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃদ্ধা হুজুরা বেওয়া দৌড়াদৌড়ির সময় পড়ে গিয়ে স্ট্রোক করে মারা গেছেন। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪