জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক গোলাম রসুল রাজার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলার কয়েকটি এলাকার বাসিন্দারা।
রবিবার (২৭ জুলাই) দুপুরে নাগেশ্বরী পৌরসভার ঈদগাহ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভে অংশ নেয় বানিয়াপাড়া, ভুসুটারী ও ফকিরটারী এলাকার সর্বস্তরের মানুষ। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে সমাবেশে পরিণত হয়। পরে বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
সমাবেশে বক্তারা গোলাম রসুল রাজার কড়া সমালোচনা করেন। মুকুল মিয়া বলেন, “আমাদের এলাকায় অধিকাংশ মানুষ চাকরিজীবী, শ্রমজীবী বা বিভিন্ন পেশায় যুক্ত। অথচ বিএনপি নেতা গোলাম রসুল রাজা আমাদেরকে চাঁদাবাজ ও গুন্ডা আখ্যা দিয়ে গ্রাম জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। এতে আমরা আতঙ্কিত।”
সৈয়দ আলী বলেন, “নাগেশ্বরী উপজেলার মানুষ শান্তিপ্রিয়। অথচ এই নেতা তার উসকানিমূলক বক্তব্য ও অপপ্রচারে পুরো উপজেলায় অশান্ত পরিবেশ সৃষ্টি করছেন। ভবিষ্যতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় তিনি এড়াতে পারবেন না।”
স্থানীয় যুব সমাজের প্রতিনিধিরা বলেন, যতক্ষণ না গোলাম রসুল রাজা প্রকাশ্যে ক্ষমা চেয়ে জনতার সামনে দুঃখ প্রকাশ করবেন, ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন। তারা বলেন, রাজা তার বক্তব্যের মাধ্যমে শিশু-কিশোর থেকে শুরু করে পুরো পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগের সৃষ্টি করেছেন।
প্রসঙ্গত, গত ২৩ জুলাই বেরুবারী ইউনিয়নের একটি পথসভায় বিএনপি নেতা গোলাম রসুল রাজা নাগেশ্বরী পৌরসভার বানিয়াপাড়া ও ভুসুটারী গ্রাম "জ্বালিয়ে দেওয়া হবে" বলে মন্তব্য করেন। এ বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
এ বিষয়ে গোলাম রসুল রাজার সঙ্গে যোগাযোগ করলে তিনি বক্তব্যের সত্যতা স্বীকার করে বলেন, “পথসভায় বেরুবারীর কিছু বাসিন্দাকে অপমান করার প্রেক্ষিতে আমি উত্তেজনাবশত এমন কথা বলে ফেলি। পরে আমি আমার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছি।”
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, “বিষয়টি আমরা অবগত হয়েছি। তদন্ত করে দলে শৃঙ্খলাভঙ্গ হয়ে থাকলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪