এনামুল হক রাশেদী, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বহুল আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শ্রী গনেশ প্রকাশ শ্রী গনেজকে (১৯) গ্রেপ্তার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
শুক্রবার (১০ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে র্যাব-৭ চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন লালদীঘী কোর্ট রোডের জেলা পরিষদ সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর ২০২৪ তারিখে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ সময় চিন্ময় দাসের অনুসারীরা তার মুক্তির দাবিতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করে এবং কারাগারে নেওয়ার পথে বাধা সৃষ্টি করে। বিক্ষোভ চলাকালে আদালত এলাকায় ব্যাপক ভাঙচুর চালানো হয়। ভাঙচুরে কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি কোর্ট বিল্ডিং কমপ্লেক্সের নিচতলায় অবস্থিত একটি আইনজীবীর চেম্বারেও হামলা চালানো হয়।
এক পর্যায়ে আদালতের বিপরীত পাশে রঙ্গম কনভেনশন সেন্টার এলাকায় অবস্থানরত আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার উদ্দেশ্যে চন্দন, রুমিত দাশ, সুমিত দাশ, গগন দাশ, নয়ন দাশ, বিশাল দাশ, আমান দাশ, সুকান্ত, শ্রী গনেশসহ তাদের সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা, মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। একই সঙ্গে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ২৭ ও ২৮ নভেম্বর কর্মবিরতি পালন করে। ঘটনাটি দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়।
এ ঘটনায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বাবা বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার নম্বর ৪৬(১১)২৪, জিআর নং–৫০৯/২০২৪; দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৭/১৪৮/১৪৯/৩০২/৩৪/১১৪ ধারায় মামলা রুজু করা হয়।
ঘটনার পর থেকেই র্যাব-৭ চট্টগ্রাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও রহস্য উদ্ঘাটনে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, মামলার পলাতক আসামি শ্রী গনেশ প্রকাশ শ্রী গনেজ চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় অবস্থান করছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (১০ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে র্যাব-৭ চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন লালদীঘী কোর্ট রোডের জেলা পরিষদ সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত শ্রী গনেশ প্রকাশ শ্রী গনেজ (১৯) পিতা শেরীপ প্রকাশ শরিফ দাশ, সাং—সেবক কলোনী, থানা—কোতোয়ালী, জেলা—চট্টগ্রাম।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪