এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের অবৈধ বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। জব্দকৃত সিগারেটের সংখ্যা ৪৪০ কার্টুন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস শাখা ও এনএসআই চট্টগ্রামের যৌথ অভিযানে এসব সিগারেট উদ্ধার করা হয়।
কাস্টমস সূত্র জানায়, রাত ৯টা ৫২ মিনিটে দুবাই থেকে আগত একটি ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছান ফটিকছড়ি উপজেলার বাসিন্দা মিনহাজুল করিম সজীব নামে এক যাত্রী। তার ব্যাগেজ তল্লাশি করে ২০০ কার্টুন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। একই সময়ে আন্তর্জাতিক আগমনী হলের লাগেজ বেল্টের ওপর পরিত্যক্ত অবস্থায় আরও ২৪০ কার্টুন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সিগারেটের বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৮০ হাজার টাকা। কাস্টমস কর্তৃপক্ষ জানায়, যাত্রীর কাছ থেকে উদ্ধার করা ২০০ কার্টুন সিগারেট থেকে ৭ লাখ টাকা এবং পরিত্যক্ত অবস্থায় পাওয়া ২৪০ কার্টুন সিগারেট থেকে ২২ লাখ ৮০ হাজার টাকা রাজস্ব নির্ধারণ করা হয়েছে।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, যাত্রীর কাছ থেকে উদ্ধার করা সিগারেটের চালান ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম (ডিএম) মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। একইভাবে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা সিগারেটের চালানও কাস্টমসের জিম্মায় রয়েছে।
এ ঘটনায় আটক যাত্রীকে বিমানবন্দর কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪