লালমনিরহাট প্রতিনিধি
শনিবার (১৬মে) দুপুরে তিস্তা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইও পানিতে তলিয়ে দুজনেরই মৃত্যু হয়। লালমনিরহাট সদর উপজেলার রাজপুর এলাকায় তিস্তা নদীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলো- রাজাপুর গ্রামের রেজাউল করিম ও শিউলি বেগম দম্পতির ছেলে শেফাউল করিম সিফাত (১৮) ও শোয়েব করিম স্বচ্ছ (১৪)।
দুই ভাই জেলা শহরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ছাত্র। শেফাউল করিম সিফাত এইচএসসি ১ম বর্ষ ও শোয়েব করিম স্বচ্ছ ৮ম শ্রেনীর ছাত্র।
একই সঙ্গে দুই সন্তান হারিয়ে বাবা-মা এখন বাকরুদ্ধ, শোকে মুহ্যমান। পুরো রাজপুর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, দুই ভাই একসাথে তিস্তা নদীতে গোসল করতে নামে। গোসল করার একপর্যায়ে ছোট ভাই স্বচ্ছ নদীর পানিতে তলিয়ে যেতে থাকে। চোখের সামনে ছোট ভাইকে পানিতে ডুবতে দেখে বড় ভাই শিফাত তাকে বাঁচাতে যায়, কিন্তু খরস্রোতা তিস্তার প্রবল স্রোতে একপর্যায়ে দুজনই নিখোঁজ হয়ে যায়।
দুই ভাইকে খুঁজতে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে নদীতে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় আধাঘন্টা পর নদী থেকে দুই ভাইকে অচেতন অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকেই মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীতে সৃষ্টি হয়েছে গভীর খাদ। সাঁতার জানা থাকা সত্ত্বেও সেই খাদে তলিয়ে গিয়ে প্রাণ হারায় দুই ভাই।
লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদ জানান, কোনও অভিযোগ না থাকায় সদর হাসপাতাল থেকেই দুই ভাইয়ের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪