মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলায় জন্ম নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এক নবজাতক কন্যাকে ফেলে রেখে পালিয়েছেন তার মা। এ ঘটনায় হতভম্ব ও বিপাকে পড়েছেন নবজাতকের বাবা তৌহিদ ইসলাম (২৫)। বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
তৌহিদ ইসলাম নওগাঁর মহাদেবপুর উপজেলার চকহরি বল্লভ গ্রামের বাসিন্দা। প্রায় দুই বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে মান্দা উপজেলার সাহাপুর (ফজিদারপাড়া) গ্রামের লছের আলী মণ্ডলের মেয়ে সাথী আক্তারকে বিয়ে করেন তিনি।
তৌহিদ জানান, স্ত্রী সাথী আক্তার গত তিন মাস ধরে বাবার বাড়িতে ছিলেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রসব ব্যথা শুরু হলে খবর পেয়ে তিনি শ্বশুরবাড়িতে ছুটে যান। পরে স্ত্রী ও শাশুড়িকে নিয়ে তেঁতুলিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ভর্তি করেন। সেদিন বিকেল পাঁচটার দিকে সাথী স্বাভাবিকভাবে এক কন্যাসন্তানের জন্ম দেন।
তিনি আরও জানান, সন্তান জন্মের পর চিকিৎসকের পরামর্শে ওষুধ আনতে বাজারে যান। ফিরে এসে দেখেন, স্ত্রী ও শাশুড়ি নবজাতককে ফেলে পালিয়ে গেছেন। হতবাক তৌহিদ বলেন, মেয়ে জন্মের পর এমন অমানবিক আচরণ আমি কল্পনাও করিনি। এখন আমি একাই সন্তানের দায়িত্ব নিতে বাধ্য হচ্ছি।
অভিযোগের বিষয়ে সাথী আক্তার বলেন, “বিয়ের পর থেকেই স্বামীর পরিবারের সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল না। আমি সন্তান নিতে চাইনি। যেহেতু তৌহিদের সঙ্গে আর সংসার করব না, তাই সন্তান লালন-পালনেও আমি রাজি নই।”
মান্দা থানার উপপরিদর্শক (এসআই) সামছুর রহমান জানান, তৌহিদ ইসলামের লিখিত অভিযোগ পেয়েছি। সাথী আক্তারও পুলিশের কাছে স্বীকার করেছেন যে তিনি আর সংসার করতে চান না এবং নবজাতকের দায়িত্ব নেবেন না। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪