মো. মশিউর রহমান খান, জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাট সদর উপজেলার নতুনহাট এলাকায় জমি-বাড়ি দখলকে কেন্দ্র করে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে স্বামী ও শাশুড়িকে মারধর করে স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী সাইদুর রহমান অভিযোগ করে বলেন, কাজের প্রয়োজনে বাড়ির বাইরে থাকার সুযোগে তার স্ত্রী শাবানা বেগম (পিতা মৃত আলতাফ শেখ) নিজ পরিবারের সদস্যদের নিয়ে অসুস্থ শাশুড়ি আফরোজা বেগমের ওপর হামলা চালান। পরিকল্পিতভাবে তার স্ত্রী, স্ত্রীর বড় বোন আলেয়া, আলেয়ার মেয়ে সোনিয়া ও সুবর্ণা, মেজো বোন রোজিনা ও তার ছেলে, ছোট ভাই ফাহিম, বড় ভাই উজ্জ্বল, উজ্জ্বলের স্ত্রী ময়না বেগম এবং তথাকথিত ‘শহীদ’ মেহেদীর স্ত্রী জেসমিন আক্তার মিলিতভাবে তার মাকে মারধর করে ভয়-ভীতি প্রদর্শন করে।
তিনি অভিযোগ করেন, “আমার অসুস্থ মা হাসপাতালে ভর্তি থেকে এক সপ্তাহ আগে ছাড়া পেয়েছেন। সেই দুর্বল অবস্থায় তাকে লাঠিপেটা করে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর করানো হয়। উদ্দেশ্য ছিল আমাদের পারিবারিক সম্পত্তি আত্মসাৎ করা। তাদের এই কার্যকলাপে আমার মায়ের শারীরিক ও মানসিক অবস্থা ভয়াবহভাবে অবনতি হয়েছে।”
সাইদুর রহমান আরও দাবি করেন, তার শ্বশুরবাড়ির লোকজন কথায় কথায় শহীদ পরিবারের নাম ব্যবহার করে প্রভাব খাটাচ্ছেন এবং জেলা প্রশাসকের (ডিসি) নাম ভাঙিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছেন। তিনি প্রশ্ন রেখে বলেন, “তাহলে কি এভাবেই ডিসি ম্যাডামের নাম ব্যবহার করে সমাজে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাবে?”
এ বিষয়ে ভুক্তভোগী আফরোজা বেগম সাংবাদিকদের জানান, “তারা আমার ঘাড় ও পিঠে লাঠি দিয়ে আঘাত করে এবং জোর করে স্ট্যাম্পে স্বাক্ষর করাতে চায়। তবে আশপাশের লোকজন এগিয়ে আসায় তারা ব্যর্থ হয়।”
অন্যদিকে অভিযুক্ত স্ত্রী শাবানা বেগম এ অভিযোগ অস্বীকার করে বলেন, বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক।
এ বিষয়ে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরীর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ওহাব বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত আমার কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
ভুক্তভোগী সাইদুর রহমান জানান, তিনি ইতোমধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪