নিজস্ব প্রতিবেদক,
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। ওই দিন সকাল ১১টায় সংসদের বৈঠক শুরু হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতা অনুযায়ী এই অধিবেশন ডাকা হয়েছে বলে জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সাধারণত নতুন সংসদের প্রথম অধিবেশন তুলনামূলক দীর্ঘ হয়ে থাকে। এ অধিবেশনের সূচনালগ্নে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, অন্তর্বর্তী সময়ে জারি করা অধ্যাদেশ উত্থাপন, শোক প্রস্তাব গ্রহণ এবং রাষ্ট্রপতির ভাষণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অধিবেশন চলাকালে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা।
২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। এর প্রায় দেড় বছর পর অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সংবিধান অনুযায়ী, সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বান বাধ্যতামূলক।
প্রথা অনুযায়ী, বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার নতুন সংসদের প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন এবং সেই বৈঠকেই নতুন স্পিকার নির্বাচিত হন। তবে এবার এ বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগের পর থেকে প্রকাশ্যে নেই। অন্যদিকে, বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন।
এ পরিস্থিতিতে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের তিন দিন পর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। ফলে সংসদের প্রথম বৈঠকে সভাপতিত্ব কে করবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪