মোঃ মনোয়ার হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় নির্বাচনের পূর্বে “জুলাই জাতীয় সনদ” বাস্তবায়নে ও পিআর পদ্ধতি চালুসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জয়পুরহাট জেলা শাখা।
রবিবার (১২ অক্টোবর ২০২৫) বিকেল ৩টায় শহীদ ডা. আব্দুল কাশেম ময়দানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে সংগঠনের পক্ষ থেকে জয়পুরহাট জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, সরকারের ঘোষণানুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি।
জামায়াতে ইসলামী উল্লেখ করে, ২০১৪ সালের পর দেশের জনগণ অংশগ্রহণমূলক নির্বাচন থেকে বঞ্চিত হয়েছে। তাই গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের আস্থা ফিরিয়ে আনতে নির্বাচন-পূর্বে প্রয়োজনীয় আইন ও নির্দেশনা জারি করা আবশ্যক।
এছাড়া, স্মারকলিপিতে বলা হয়, দেশের রাজনৈতিক দলগুলো ও জনগণের প্রত্যাশা পূরণে নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন সম্পর্কিত আদেশ জারি এবং সেই আদেশের ওপর গণভোট আয়োজন করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলার আমীর মোঃ ফজলুর রহমান সাঈদ,বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাসিবুল আলম লিটন,সহকারী সেক্রেটারি এস এম রাশেদুল আলম সবুজ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শহর জামায়াতের আমির আনোয়ার হোসেন ও সদর উপজেলা আমির ইমরান হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জামায়াতে ইসলামী নেতারা বলেন, নির্বাচনের আগে এই ৫ দফা বাস্তবায়ন হলে জনগণের আস্থা পুনরুদ্ধার হবে, একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব হবে এবং দেশ একটি নতুন দিগন্তে প্রবেশ করবে।
তারা আরও বলেন, “জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ছাড়া জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়। তাই আমরা দেশের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে সরকারের কাছে আমাদের ৫ দফা দাবি বাস্তবায়নের জন্য জোর দাবি জানাচ্ছি।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪