নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর বদলগাছীতে ২০২৫ সালের কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় “জেরিন কিন্ডারগার্টেন” স্কুলের ৪২ শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। তাদের মধ্যে ১৭ জন ট্যালেন্টপুল এবং ২৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
এ উপলক্ষে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের শিবপুর উচ্চ বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জেরিন কিন্ডারগার্টেন স্কুল।
বিলাশবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিদ্যালয়ের পরিচালক ও দৈনিক আজকের জনবাণীর নওগাঁ জেলা স্টাফ রিপোর্টার সাংবাদিক মো. ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মো. ফেরদৌস হোসেন, বদলগাছী প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক এমদাদুল হক দুলু, প্রেসক্লাব বদলগাছীর সাধারণ সম্পাদক ও উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক হাফিজার রহমান, শিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়াউর রহমান (জিয়া), বদলগাছী উপজেলা ছাত্রদলের সদস্য শাহিনুর আলম ও মো. নাহিদ রানা।

এ ছাড়া বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মো. সারোয়ার হোসেন অপু, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সন্তানদের শিক্ষার প্রতি অভিভাবকদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
পরে বৃত্তিপ্রাপ্ত ৪২ শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে নিজের অনুভূতি জানিয়ে নার্সারি শ্রেণির শিক্ষার্থী নূরানী নুসরাত বলে, “আমাদের স্কুলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার পেয়ে আমি অনেক খুশি।”
শিক্ষার্থী জান্নাতুন মাওয়ার দাদি সুরাইয়া হক বলেন, “স্কুলটির পরিবেশ ভালো। শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে পাঠদান করেন। তাদের আচার-আচরণও ভালো। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কার্যক্রমের সুযোগ থাকায় শিক্ষার্থীরা উৎসাহিত হচ্ছে।”
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার বিষয়েও তারা গুরুত্ব দিয়ে থাকে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪