নিজস্ব প্রতিবেদক,
মাত্র ২৫ বছর বয়সে আজীবন কারাদন্ডে দন্ডিত হয়েছিলেন নওগাঁর বদলগাছীর দুলাল হোসেন। দীর্ঘ ২৩ বছরের কারাভোগ শেষে চলতি বছরের ২ জুলাই তিনি মুক্তি পান। কারাগারের গন্ডি পেরিয়ে এবার নতুন জীবনের স্বপ্ন বুনছেন তিনি।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে নওগাঁ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল তার হাতে তুলে দেন একটি মুদি দোকান। শুধু তাই নয়, পুনর্বাসনের অংশ হিসেবে নগদ মূলধন এবং বসবাসের জন্য একটি ঘর দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে তাকে।
নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের বারাতৈল গ্রামের মৃত ইয়াকুব হোসেনের ছেলে দুলাল। সংসার জীবনে মাত্র পাঁচ মাসের মাথায় স্ত্রীর আত্মহত্যার ঘটনায় তিনি হত্যা মামলার আসামি হন। সেই মামলাতেই ২০০২ সালে তার আজীবন সাজা হয়। এরপর রাজশাহী ও নওগাঁ জেলা কারাগারে দীর্ঘ সময় কাটিয়েছেন তিনি। গত ২ জুলাই মুক্তি পেয়েছেন দুলাল। মুক্তির পর জীবনের পরবর্তী পথচলা নিয়ে শঙ্কায় ছিলেন দুলাল। সমাজে নতুন করে প্রতিষ্ঠিত হওয়ার মতো কিছুই ছিল না তার। তাই বিকল্প কর্মসংস্থানের জন্য জেলা প্রশাসকের কাছে মুদি দোকানের আবদার জানান। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো তার।
দুলালের মা আয়েশা আবেগাপ্লুত হয়ে বলেন, দীর্ঘদিন পর ছেলেকে ফিরে পেয়ে অনেক খুশি হয়েছি আমি। যদি তাকে একটা ঘর দেওয়া হয় তবে মাথা গোঁজার ঠাঁই হবে।
জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল বলেন, সমাজে প্রতিটি মানুষের সুন্দরভাবে বাঁচার অধিকার আছে। দুলালের ২৩ বছর জেলখানায় কেটে গেছে। তিনি যেন নতুন জীবনে স্বপ্ন গড়তে পারেন এবং আর কোনো অপরাধে জড়িয়ে না পড়েন, সে জন্যই সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪