মোঃ মনোয়ার হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে ৬০ পিস ইয়াবা, ৯০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ৬টি মোবাইল ফোন ও নগদ ৪২ হাজার ২২৫ টাকাসহ মো. মিলন হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।
রোববার (১ নভেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের পশ্চিম মানিক গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিলন হোসেন ওই গ্রামের মৃত সবুর হোসেনের ছেলে।
এসআরবি-৫, সিপিসি-৩ জয়পুরহাটের বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবির একটি আভিযানিক দল পশ্চিম মানিক গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মিলন হোসেনকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান কোচ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী বসতঘরের কাঠের আলমারির ড্রয়ার থেকে আরও ৯০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট, মাদক কারবারে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন এবং নগদ ৪২ হাজার ২২৫ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে সহযোগীদের সঙ্গে মিলে অবৈধভাবে মাদক সংগ্রহ, মজুত ও নিজ এলাকায় বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৫।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪