হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
কানাডার টরন্টোয় চিটাগাং অ্যাসোসিয়েশন অব কানাডা আয়োজিত মেজবান ২০২৫ রোববার অনুষ্ঠিত হয়েছে এক উৎসবমুখর পরিবেশে। বরফঝরা ঠান্ডা দিনেও প্রায় তিন হাজারেরও বেশি চট্টগ্রামি ও বাংলাদেশির উপস্থিতিতে অনুষ্ঠানটি রূপ নেয় প্রবাসে চট্টগ্রামের ঐতিহ্যের প্রাণোচ্ছল পুনর্মিলনীতে।
Chinese Cultural Centre of Greater Toronto তে আয়োজিত এই বিশাল অনুষ্ঠানে অতিথিদের ভিড় জমতে থাকে দুপুর থেকেই। প্রবাসীরা বলেন, “আজ যেন সত্যি বাড়ি ফিরলাম।”
হলের ভেতরে ছিল চট্টগ্রামের রঙে সাজানো সজ্জা, ব্যানার, আলোকায়ন; আর বাতাসে ভেসে বেড়িয়েছে মেজবানি বিফ, ডাল-মাংস ও ঐতিহ্যবাহী খাবারের ঘ্রাণ। অতিথিদের জন্য ছিল সীমাহীন ভোজ, মেজবানি গরুর মাংস, ডাল-মাংস, সাদা ভাত, সালাদ, পানীয় ও পায়েস। ধর্মীয় ও ব্যক্তিগত পছন্দ বিবেচনায় আলাদা ছাগলের মাংসের স্টেশনও রাখা হয়।

অতিথি আপ্যায়নে সারাদিন ছুটে বেড়িয়েছেন কনভেনর সারোয়ার জামান, সহ-কনভেনর বাহার উদ্দিন বাহার, মেজবান কমিটির সদস্য ও শতাধিক স্বেচ্ছাসেবক। তাঁদের আন্তরিকতা অতিথিদের কাছে বিশেষ প্রশংসা পায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টরন্টোর মেয়রের প্রতিনিধি, কাউন্সিলর, ফেডারেল এমপি, MPP এবং কমিউনিটির প্রভাবশালী ব্যক্তিবর্গ। তারা বলেন, চট্টগ্রামের সংস্কৃতি প্রবাসে নতুন শক্তি ও ঐক্যের সেতুবন্ধন তৈরি করছে।
চিটাগাং অ্যাসোসিয়েশন অব কানাডা'র সভাপতি সাহাব সিদ্দিকী বুলবুল, সাধারণ সম্পাদক ড. মঞ্জুর মোরশেদ, কোষাধ্যক্ষ সানাথ বড়ুয়াসহ সংগঠনের নেতারা অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রবাসে থেকেও শেকড়ের টান যে কত গভীর মেজবান ২০২৫ আবারও তা প্রমাণ করেছে। আয়োজকদের ঘোষণা, আগামীতে আরও বৃহৎ ও জাঁকজমক আয়োজনে ফিরবে চট্টগ্রামের এই ঐতিহ্য।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪