
নিজস্ব প্রতিবেদক,
ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ২০০৭ সালে দায়ের হওয়া একটি মানহানির মামলার কার্যক্রম বাতিলের হাইকোর্টের রায় বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত। রোববার (২৭ জুলাই) আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দেন।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. অনীক রুশদ হক। আর ড. ইউনূসের পক্ষে ছিলেন আইনজীবী তৌফিক হোসেন।
রায়ের পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের জানান, “হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যে লিভ টু আপিল করেছিল, সেটি খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।”
মানহানির অভিযোগের সূত্রপাত হয় ২০০৭ সালের ১৭ জানুয়ারি, যখন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. ইউনূস একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “বাংলাদেশের রাজনীতিবিদরা কেবল অর্থের জন্য রাজনীতি করেন, এখানে কোনো আদর্শ নেই।”
এই মন্তব্যে ‘রাজনৈতিক নেতাদের মানহানি হয়েছে’—এমন অভিযোগ এনে ময়মনসিংহ জেলা জাসদের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম চুন্নু ২০০৭ সালের ২১ জানুয়ারি ময়মনসিংহের আদালতে মামলা করেন। মামলার পরপরই ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালত থেকে ড. ইউনূসের বিরুদ্ধে সমন জারি হয়।
চার বছর পর, ২০১১ সালে তিনি আদালতে হাজির হয়ে মুচলেকা দিয়ে জামিন নেন। একই বছর মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন এবং ওই আদালত রুল জারি করে।
পরে ২০২৩ সালের ২১ নভেম্বর হাইকোর্ট মামলাটি বাতিল করে রুল চূড়ান্ত (অ্যাবস্যুলিউট) করেন।
রাষ্ট্রপক্ষ এই রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করে, যা চলতি বছরের ২ জুলাই চেম্বার আদালতে শুনানিতে ওঠে। পরে তা আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়। অবশেষে রোববার সেই আবেদন খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখে আপিল বিভাগ।
উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪