নিজস্ব প্রতিবেদক
মোহাম্মদ ইউনূস এর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা করার ঘোষণা দিয়েছেন মোহসিন রশীদ। তিনি বলেন, ইউনূসের কর্মকাণ্ড সংবিধান লঙ্ঘনের পাশাপাশি রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে। সরকার এ বিষয়ে পদক্ষেপ না নিলে তিনি নিজেই আইনগত ব্যবস্থা নেবেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না পরিচালিত ইউটিউব চ্যানেল মানচিত্র এ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
মোহসিন রশীদ, যিনি বাংলাদেশ মুসলিম লীগ এর সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর জ্যেষ্ঠ আইনজীবী বলেন, প্রধানমন্ত্রীর পদ শূন্য হওয়ার পর রাষ্ট্রপতিই একমাত্র সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তি ছিলেন। সেই রাষ্ট্রপতির সঙ্গে যথাযথ যোগাযোগ না রাখা, নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁকে অবহিত না করা এবং সাংবিধানিক শিষ্টাচার উপেক্ষা করা গুরুতর লঙ্ঘন।
তিনি বলেন, “এটি শুধু সংবিধান লঙ্ঘন নয়, বরং রাষ্ট্রদ্রোহের শামিল।”
মোহসিন রশীদের দাবি, রাষ্ট্রপতিকে তাঁর সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে দেওয়া হয়নি এবং তাঁকে মানসিক চাপে রাখা হয়েছিল। রাষ্ট্রপতির কাছে পাঠানো বিভিন্ন নথিতে সই করানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। রাষ্ট্রপতি সহযোগিতা না করলে রাষ্ট্রে অচলাবস্থা সৃষ্টি হতে পারত বলেও মন্তব্য করেন তিনি।
রাষ্ট্রপতিকে রাষ্ট্রের প্রতীক উল্লেখ করে তিনি বলেন, তাঁকে যথাযথ সম্মান না দেখানো রাষ্ট্রের মর্যাদা ক্ষুণ্ন করার শামিল।
আলোচনায় তিনি আরও অভিযোগ করেন, প্রেস উইং অপসারণ, বঙ্গভবন ঘেরাও এবং রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টা এসব ঘটনা রাষ্ট্রীয় শিষ্টাচারবিরোধী। এসব ঘটনার সঙ্গে ড. ইউনূসের সম্পৃক্ততা বা নীরব সমর্থন ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি বা কমিশন গঠনের দাবি জানান তিনি।
ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের বিরুদ্ধেও তদন্ত দাবি করে মোহসিন রশীদ বলেন, “রাষ্ট্র কোনো খেলার বিষয় নয়; রাষ্ট্রের ক্ষতি হয়েছে কি না, তা নিরপেক্ষভাবে অনুসন্ধান করা দরকার।”
সংবিধানের ১০৬ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করার প্রসঙ্গ তুলে তিনি জানান, এ বিষয়ে তিনি আদালতে গিয়েছেন এবং রায়ের সার্টিফায়েড কপির জন্য আবেদন করেছেন। রায় হাতে পেলে তিনি রিভিউ করবেন বলেও জানান।
তিনি বলেন, ভবিষ্যতে যেন কোনো অবৈধ বা অসাংবিধানিক অন্তর্বর্তীকালীন সরকার না আসে, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি। সরকার যদি কোনো তদন্ত কমিটি গঠন না করে, তবে তিনি নিজেই নোটিশ দিয়ে মামলার উদ্যোগ নেবেন এবং ড. ইউনূসকে পক্ষভুক্ত করবেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪