নিজস্ব প্রতিবেদক:
থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসা নিয়ে এক মাস পর দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ।
৮ জুন (রোববার) দিবাগত গভীর রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকা পৌঁছান বলে জানিয়েছেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস এম রাগীর সামাদ।
তিনি বলেন, থাই এয়ারওয়েজের টিজি-৩৯৯ ফ্লাইট, যেটা রাত ১টা ২৫ মিনিটে বিমান বন্দরের পৌঁছায় সেই ফ্লাইটে আবদুল হামিদ এসেছেন।
গত ৭ মে গভীর রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। বৈষম্যবিরোধী আন্দোলনের কিশোরগঞ্জের এক মামলার আসামি হয়েও তিনি কীভাবে দেশত্যাগ করলেন তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।
এরপর দায়িত্বে অবহেলার অভিযোগে কিশোরগঞ্জের পুলিশ সুপারসহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তিন সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও গঠন করা হয়।
সাবেক রাষ্ট্রপতি হামিদের দেশত্যাগ নিয়ে শোরগোলের মধ্যে তাকে নিয়ে ১৪ মে ফেইসবুকে ‘আবেগঘন’ পোস্ট দেন তার ছেলে রিয়াদ আহমেদ তুষার।
বাবা ফুসফুস ক্যান্সারে আক্রান্ত জানিয়ে তিনি লিখেছিলেন, “৮২-৮৩ বৎসরের একজন বয়স্ক লোক যিনি কিনা অসুস্থতার কারণে এখন ২ মিনিট দাঁড়িয়ে থাকতে পারছেন না। ২ ঘণ্টা বসে থাকতে পারছেন না; বাধ্য হয়ে বিছানায় শুয়ে পড়েন।
ডেপুটি স্পিকার ও স্পিকার হিসাবে দায়িত্ব পালনের পর আওয়ামী লীগের সময়ে ২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন আবদুল হামিদ। ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি তিনি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেন।
তার মেয়াদ শেষে ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। বঙ্গভবন ছাড়ার পর রাজধানীর নিকুঞ্জের বাসায় থাকেন আবদুল হামিদ।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪