গ.স নিউজ ডেস্ক,
সারা দেশে নৃশংস অপরাধ দমনে কঠোর পদক্ষেপে যাচ্ছে সরকার।
সাম্প্রতিক সময়ের একের পর এক মর্মান্তিক হত্যাকাণ্ডের জেরে আজ রবিবার (১৩ জুলাই) থেকে দেশজুড়ে চিরুনি অভিযান শুরু করতে যাচ্ছে সরকার। রাজধানীর সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সাংবাদিকদের তিনি বলেন, “মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী খুনের ঘটনাটি আমাদের সবাইকে নাড়া দিয়েছে। এ ঘটনায় সাতজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার সম্পন্নের প্রস্তুতি নেওয়া হয়েছে।”
রাজশাহীর নিউমার্কেটসহ দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনাগুলোর প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে অভিযান চালাচ্ছে। “অপরাধ দমন শুধু সরকারের নয়, আমাদের সবার দায়িত্ব,” যোগ করেন তিনি।
এছাড়া আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে ডিসেম্বরের মধ্যে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করতে চায় সরকার। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীগুলোকেও প্রস্তুত রাখা হচ্ছে বলে জানান উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪