নিজস্ব প্রতিনিধি:
নওগাঁ জেলার পোরশা থানা পুলিশের অভিযানে ১৩৭ কেজি ওজনের একটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২৫/০২/২০২৬ খ্রি. রাত আনুমানিক ২২.৩০ ঘটিকায় পোরশা থানাধীন ০১ নং নিতপুর ইউনিয়নের শীতলী গ্রামের জনৈক রহমতের বাড়ির পশ্চিম পাশে অবস্থিত পারিবারিক কবরস্থানের মধ্যে একটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি পড়ে থাকার তথ্য পায় পুলিশ।
সংবাদ প্রাপ্তির পর নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অফিসার ইনচার্জ, পোরশা থানার নেতৃত্বে একটি পুলিশ দল রাত ২৩.০৫ ঘটিকায় ঘটনাস্থলে পৌঁছে কবরস্থানের মাঝামাঝি একটি আমগাছের নিচে পরিত্যক্ত অবস্থায় কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার একটি মূর্তি দেখতে পান।
তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করা হলে তিনি বিধি মোতাবেক মূর্তিটি উদ্ধার করার নির্দেশ দেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে মূর্তিটি জব্দ করা হয়।
উদ্ধারকৃত মূর্তিটির উচ্চতা আনুমানিক ৫৬ ইঞ্চি এবং ওজন প্রায় ১৩৭ (একশত সাইত্রিশ) কেজি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কষ্টিপাথরের এই মূর্তিটি কয়েক শতাব্দী কিংবা হাজার বছর পূর্বের এবং এটি একটি গুরুত্বপূর্ণ ও মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ হতে পারে।

বর্তমানে উদ্ধারকৃত মূর্তিটি থানার হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪