নিজস্ব প্রতিবেদক
নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় গ্রামীণ ও প্রান্তিক এলাকার শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা এবং মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কিশোরী ক্লাব গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে ২০২৬) উপজেলার কোলা ইউনিয়নের ভান্ডাপুর সাবিত্রি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহযোগিতায় বিডিও ও গণসাক্ষরতা অভিযানের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় কিশোরী ক্লাব গঠনের প্রয়োজনীয়তা, লক্ষ্য ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন বিডিও’র জেলা সমন্বয়কারী শামসুল হক এবং ম্যানেজার আসুফুদ্দোলা। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাইনুন্নাহার।
আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, বিদ্যালয়ের কিশোরীদের অংশগ্রহণমূলক শিক্ষা কার্যক্রম জোরদার, সৃজনশীলতা বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ এবং সামাজিক সচেতনতা তৈরিতে কিশোরী ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা আরও বলেন, কিশোরী ক্লাবের মাধ্যমে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি, দায়িত্ববোধ, সামাজিক মূল্যবোধ ও নেতৃত্বগুণ গড়ে উঠবে, যা দীর্ঘমেয়াদে প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
মতবিনিময় সভায় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। তারা কিশোরী ক্লাব কার্যক্রমকে আরও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা দেন।
সভা শেষে নবম শ্রেণির শিক্ষার্থী নূশরাত জাহান অর্পাকে সভাপতি ও সুভাষিনী সরকারকে সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট একটি কিশোরী ক্লাব গঠন করা হয়।
স্থানীয়রা মনে করেন, এ ধরনের উদ্যোগ গ্রামীণ এলাকায় শিক্ষার মানোন্নয়ন, পরিবেশ উন্নয়ন এবং কিশোরীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪