নিজস্ব প্রতিবেদক,
নওগাঁর বিভিন্ন এলাকায় অনলাইন জুয়ার বিরুদ্ধে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ কম্পিউটার সরঞ্জাম, মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১০টা ৫৫ মিনিটে নওগাঁ জেলা পুলিশের একটি বিশেষ দল মান্দা উপজেলায় অভিযান চালায়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (মান্দা সার্কেল) আব্দুল্লাহ আল মাহমুদ শাওন এবং মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অনলাইনে জুয়া পরিচালনা, অর্থ লেনদেন ও অন্যদের জুয়ার প্রতি উদ্বুদ্ধ করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- সোহেল হোসেন (২৪), রবিউল ইসলাম (১৯) ও সোহেল রানা (২০)।
পুলিশ জানায়, প্রধান অভিযুক্ত সোহেল হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, ছয়টি মোবাইল ফোন, দুটি ল্যাপটপ এবং পাঁচটি ডেস্কটপ কম্পিউটার ও মনিটর জব্দ করা হয়।
এ ঘটনায় সাইবার সুরক্ষা আইন ২০২৬ এর একাধিক ধারায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর কয়েক ঘণ্টা পর শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে মান্দা থানার দিনবনি হাড়ি এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। পুলিশ জানায়, ফজলুর রহমানের একতলা বাড়ির নিচতলায় ভাড়া নেওয়া একটি কক্ষে দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার আসর বসত। সেখানে কম্পিউটার ও ল্যাপটপ ব্যবহার করে অনলাইনে জুয়ার ব্যবস্থা করা হয়েছিল।
অভিযানে ঘটনাস্থল থেকে আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১৫টি মোবাইল ফোন, ১১টি ডেস্কটপ কম্পিউটার, ১১টি মনিটর, ১১টি কিবোর্ড ও তিনটি ল্যাপটপ জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ জেলায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে। এ ধরনের অপরাধ দমনে ভবিষ্যতেও অভিযান আরও জোরদার করা হবে।”
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪