বিশেষ প্রতিনিধি, নওগাঁঃ
নওগাঁয় এক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রিন্সিপাল ও পরিচালকের বিরুদ্ধে প্রতারণা, একাধিক অনৈতিক সম্পর্ক এবং শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন তাঁর স্ত্রী। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন ভুক্তভোগী মোসা. শারমিন আক্তার।
লিখিত বক্তব্যে শারমিন আক্তার বলেন, প্রায় ১৭ বছর আগে শহীদ প্রামাণিকের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে দুই ছেলে ও এক মেয়েসহ তিন সন্তান রয়েছে। বিয়ের পর আর্থিকভাবে দুর্বল অবস্থায় স্বামীকে তিনি ও তাঁর পরিবার বিভিন্নভাবে সহযোগিতা করেন। পরবর্তীতে শহীদ প্রামাণিক ‘ন্যাশনাল মডেল স্কুল’ নামে একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলেন এবং বর্তমানে সেটির প্রিন্সিপাল ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংবাদ সম্মেলনে শারমিন আক্তার অভিযোগ করেন, প্রতিষ্ঠানের মালিকানা তাঁর নামে করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে স্বামী তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালঙ্কার নেন। কিন্তু পরে তা নিজের নামে করে নেন। এ ছাড়া বিদ্যালয়ে আসা কিছু শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে তাঁর স্বামীর অনৈতিক সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
শারমিন আক্তারের দাবি, এসব বিষয়ে প্রতিবাদ করলে তাঁকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়। তিনি আরও বলেন, তাঁর স্বামী গোপনে আরেকজন অভিভাবককে বিয়ে করেছেন। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে এত দিন বিষয়টি সহ্য করে আসছিলেন তিনি।
লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, গত ২৫ মার্চ আত্রাইয়ের একটি কাজী অফিসের মাধ্যমে তাঁকে তালাকনামা পাঠানো হয়। কোনো পূর্ব আলোচনা ছাড়াই ১৭ বছরের সংসার ভেঙে দেওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানান। পাশাপাশি তাঁকে ‘মানসিক ভারসাম্যহীন’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে এবং সামাজিকভাবে হেয় করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে শারমিন আক্তার বলেন, “আমি চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছি। আমার ও আমার সন্তানদের ভবিষ্যৎ আজ গভীর সংকটে।”
তিনি নওগাঁর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ ঘটনায় শিগগিরই আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন শারমিন আক্তার।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪