নিজস্ব প্রতিনিধি, নওগাঁ
নওগাঁর মহাদেবপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলী জাকের (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরও দুজন। রোববার রাত সাড়ে ৯টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পিড়ার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী জাকের বদলগাছী উপজেলার গাবনা গ্রামের এনামুল হকের ছেলে। তবে তাৎক্ষণিকভাবে আহত দুজনের পরিচয় জানা যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, আলী জাকেরসহ তিনজন একটি মোটরসাইকেলে করে নওহাটা মোড় এলাকা থেকে নওগাঁর দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলী জাকেরকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে নওহাটা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা করার প্রস্তুতি চলছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪