নিজস্ব প্রতিবেদক,
নওগাঁর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ থেকে রায়ের অপেক্ষায় থাকা একটি গুরুত্বপূর্ণ মামলার নথি চুরির ঘটনায় আদালতের কর্মচারী, উমেদার ও মুহুরিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া মামলার নথিও উদ্ধার করা হয়েছে। ঘটনার পেছনে আরও কেউ জড়িত কি না এবং উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ মে সন্ধ্যায় নওগাঁর জেলা ও দায়রা জজ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে জানান, যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ থেকে রায়ের জন্য অপেক্ষমাণ একটি গুরুত্বপূর্ণ মামলার নথি চুরি হয়েছে। মামলাটি ছিল দায়রা মামলা নম্বর ৯০৪/২০২২, যার রায় ঘোষণার কথা ছিল শিগগিরই।
এ ঘটনায় আদালতের এক কর্মচারীর কাছে অজ্ঞাত একটি নম্বর থেকে ফোন করে নথি ফেরত দেওয়ার বিনিময়ে ৩০ হাজার টাকা দাবি করা হয় বলেও জানতে পারে পুলিশ।
ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশকে দ্রুত জড়িতদের শনাক্ত ও নথি উদ্ধারের নির্দেশ দেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে নওগাঁ সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নের সিংবাচা বাজার এলাকা থেকে এস এম আকাশ (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আকাশ তাঁর বাড়ির আঙিনায় খড়ের গাদা থেকে চুরি হওয়া মামলার নথি বের করে দেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁ সদর ও আদমদীঘি এলাকায় অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ এর পিয়ন পলাশ, সাপাহার সাব-জজ আদালতের পিয়ন আরিফ এবং আদালতের মুহুরি সবুজ। তাদের বিরুদ্ধে মামলার নথি চুরির ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আকাশ আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আরও কয়েকজনের সংশ্লিষ্টতার ইঙ্গিত দিয়েছেন। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না এবং এর পেছনের উদ্দেশ্য কী, তা উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
তবে এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের পরিবারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪