নিজস্ব প্রতিনিধি:
নওগাঁ জেলা পুলিশের পরিচালিত মধ্যরাতের বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানে আনুমানিক ৪০ লাখ টাকা মূল্যের ৯০ কেজি শুকনা গাঁজাসহ দুইজন শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ জুন পাড়ইল ইউনিয়নে ট্রান্সফরমার চুরির একটি ঘটনার তথ্য নওগাঁ জেলা পুলিশের কাছে আসে। বিষয়টি তদন্তের জন্য নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জকে নির্দেশনা প্রদান করা হয়। তদন্তের ধারাবাহিকতায় গত ৭ জুন রাতে হামেদুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কথাবার্তা সন্দেহজনক মনে হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে আরও ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি নিজেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেন।
এরপর ৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে রাত ১২টা ৫ মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ টিম উপজেলার ৬ নম্বর পাড়ইল ইউনিয়নের তুলার বাইল গ্রামের একটি দু'তলা বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ৯০ কেজি শুকনা গাঁজা এবং সুপরিকল্পিতভাবে প্যাকেটজাত মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-
১. মোঃ হামেদুল ইসলাম (৩৫), পিতা: মোঃ এজামুল, মাতা: মোছাঃ হামেদা বেগম।
২. মোঃ রশিদ (৪৪), পিতা: মৃত আজমুদ্দিন, মাতা: মৃত সফুরা বিবি।
উভয়ের বাড়ি তুলার বাইল গ্রামে, পাড়ইল ইউনিয়ন, নিয়ামতপুর থানা, নওগাঁ জেলা।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের সঙ্গে আরও কয়েকজন মাদক কারবারি জড়িত রয়েছে। তারা চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ট্রাক ও হাইয়েস মাইক্রোবাসে করে গাঁজা এনে বিভিন্ন স্থানে সরবরাহ করত। অভিযানে যে দ্বিতল মাটির ভবন থেকে মাদক উদ্ধার করা হয়েছে। ভবনটি দীর্ঘদিন ধরে মাদকের গুদাম হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।
আসামিরা আরও স্বীকার করেছে যে, তারা সীমান্তবর্তী এলাকা ও দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে সেখানে মজুত রাখত এবং পরে নওগাঁসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা বিক্রি করত। এছাড়া প্রতি ৩০ কেজি গাঁজা মজুদের বিপরীতে বাড়ির মালিক হিসেবে হামেদুল ইসলাম ৫ হাজার টাকা করে পারিশ্রমিক পেতেন।

এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে এই মাদক চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা উদঘাটনে গভীর তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
এ প্রসঙ্গে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। মাদক প্রতিরোধে আগামী দিনগুলোতে অভিযান আরও জোরদার করা হবে।”
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪