মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাদেবপুরে আজ শনিবার কয়েক হাজার মানুষের অংশগ্রহণে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘোষণায় ফজলে হুদা বাবুলের নাম আসায় তৃণমূলের বহু নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করে তাঁর পরিবর্তে পারভেজ আরেফিন সিদ্দিকী জনিকে প্রার্থী করার দাবি জানান।
শনিবার দুপুরের পর থেকেই মহাদেবপুর উপজেলা সদরের বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মী ও তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষ মানববন্ধনে যোগ দিতে আসতে থাকেন। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা বাসস্ট্যান্ড এলাকার উত্তরে লিচুবাগান থেকে শিবগঞ্জ মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটারেরও বেশি এলাকাজুড়ে মানববন্ধন বিস্তৃত হয়। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধন শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা মিছিল বের করে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। একপর্যায়ে বক চত্ত্বর মোড়ে পারভেজ আরেফিন সিদ্দিকী জনির বাসভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সেখানে দেওয়া বক্তৃতায় জনি বলেন, “এই মনোনয়ন এখনো চূড়ান্ত নয়। দলের মহাসচিব বলেছেন, প্রয়োজন হলে তা পরিবর্তন হতে পারে। আমার প্রয়াত বাবা আখতার হামিদ সিদ্দিকীর পরিবারকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র অতীতেও ছিল, এখনো চলছে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে সেই ষড়যন্ত্রের জবাব দেব।”
স্বাধীনতার পর এ অঞ্চলের রাজনীতিতে আখতার হামিদ সিদ্দিকী নান্নুর প্রভাব ছিল উল্লেখযোগ্য। ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি ধানের শীষের প্রার্থী হয়ে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন এবং এ সময়ে মহাদেবপুর–বদলগাছী এলাকায় বহু উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেন। ২০১৮ সালের নির্বাচনে তাঁর ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি বিএনপির প্রার্থী হয়ে উল্লেখযোগ্য সংখ্যক ভোট পান।

স্থানীয় বিএনপির তৃণমূল বলছে, পরিবারটির দীর্ঘ রাজনৈতিক উত্তরাধিকার ও এলাকায় গ্রহণযোগ্যতার কারণেই জনিকে পুনরায় প্রার্থী ঘোষণা করা জরুরি। মনোনয়ন প্রসঙ্গে দলের কেন্দ্রীয় নেতাদের মন্তব্য, এখনো আলোচনা চলছে।
সমর্থকরা আরও জানান, ২০২৪ সালের ড্যামি নির্বাচনে দলীয় নির্দেশে তিনি অংশগ্রহণ করেননি। বর্তমান পরিস্থিতিতে তারা মনে করছেন, জনিকে মনোনয়ন দিলে বিপুল ভোটের ব্যবধানে তিনি এমপি নির্বাচিত হবেন এবং নওগাঁ-৩ আসনের সুষ্ঠু ও শক্তিশালী প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।
বিক্ষোভে অংশ নেওয়া একাধিক সমর্থক বলেন, “জনি আমাদের সত্যিকারের নেতা। তার নেতৃত্বে আমরা বিপুল ভোটে বিজয়ী হবো। তাই হুদার পরিবর্তে জনিকে মনোনয়ন দিতে হবে।” বিএনপি হাই কমান্ডের কাছে স্থানীয় নেতারা এই দাবিটি দ্রুত বাস্তবায়নের জন্য আবেদন জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪