নিজস্ব প্রতিবেদক, নওগাঁঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। প্রাপ্ত ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৬৪৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী-সমর্থিত প্রার্থী মাহফুজুর রহমান পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৮৩৮ ভোট। ফলে ৪৭ হাজার ৮০৮ ভোটের বিশাল ব্যবধানে জয় পান তিনি, যা জেলায় সর্বোচ্চ ব্যবধানের একটি হিসেব। এ বিজয় ভূমিধ্বস বিজয় হিসেবে প্রমাণিত হয়েছে।
ঐতিহ্য ও কৃষিতে সমৃদ্ধ একটি আসন নওগাঁ-৩ আসনটি উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী এলাকা হিসেবে পরিচিত। বদলগাছীতে অবস্থিত ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য সোমপুর মহাবিহার (পাহাড়পুর বৌদ্ধবিহার) এ অঞ্চলের ঐতিহাসিক গুরুত্ব বহন করে। কৃষি উৎপাদন, বিশেষ করে সবজি ও জিআই সনদপ্রাপ্ত নাকফজলি আমের জন্য এলাকাটি সুপরিচিত। চাল উৎপাদনেও দেশের শীর্ষ জেলা নওগাঁর উল্লেখযোগ্য সংখ্যক চালকল মহাদেবপুর উপজেলায় অবস্থিত। দীর্ঘদিন পর আসন পুনরুদ্ধার বিএনপির
স্থানীয় রাজনৈতিক ইতিহাস অনুযায়ী, এ আসন থেকে ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ছিলেন প্রয়াত বিএনপি নেতা আখতার হামিদ সিদ্দিকী নান্নু। পরবর্তী সময়ে আসনটি আওয়ামী লীগের দখলে থাকলেও এবারের নির্বাচনে বিএনপি পুনরায় আসনটি নিজেদের দখলে নিতে সক্ষম হয়েছে বিএনপি।
স্থানীয় বাসিন্দাদের অনেকেই মনে করছেন, উচ্চশিক্ষিত, শিক্ষানুরাগী ও মিডিয়ায় সক্রিয় এই রাজনীতিককে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে।
বদলগাছীর একাধিক প্রবীন ব্যক্তি বলেন, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ তাঁকে ভোট দিয়েছে। আমরা উন্নয়ন ও নিরাপত্তা আশা করছি।”
মহাদেবপুরের একাধিক ভোটারের ভাষ্য, তাঁর পেশাগত অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা এলাকার উন্নয়নে কাজে লাগবে।
দলের প্রতি এবং সকল ভোটারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নবনির্বাচিত এমপির বিজয়ের প্রতিক্রিয়ায় ফজলে হুদা বাবুল বলেন, এই জয় ব্যক্তিগত নয়; এটি দলের নেতা-কর্মী ও গণতন্ত্রপন্থী মানুষের বিজয়। তিনি দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান মন্ত্রিত্বের বিষয়ে যে সিদ্ধান্ত নিবেন সেটিই চূড়ান্ত হবে।
এ আসনের সচেতন মহল বলেন, অতীতে এ জেলা থেকে ডেপুটি স্পিকার, মন্ত্রী, উপমন্ত্রী ও হুইপ নির্বাচিত হয়েছেন। কৃষি ও আম উৎপাদনে জেলার আন্তর্জাতিক পরিচিতি থাকায় এবারও গুরুত্বপূর্ণ দায়িত্বে নওগাঁর প্রতিনিধিত্ব থাকবে বলে তাঁরা আশা করছেন তাঁরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করা এই রাজনীতিক টকশো ও বিভিন্ন বিতর্কে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আগে থেকেই পরিচিত মুখ ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪