গণ সংবাদ নিউজ ডেস্ক,
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম। তিনি বর্তমান আইজিপি মো. ময়নুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন। অবসরে যাওয়ার চার বছর পর আইজিপির দায়িত্ব পেলেন বাহারুল আলম।
বুধবার (২০ নভেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে পুলিশের সর্বোচ্চ পদে নিয়োগ দেওয়ার বিষয়টি জানানো হয়। আরেক প্রজ্ঞাপনে ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলীকে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে।
এছাড়া বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে নতুন আইজিপি নিয়োগের কথা জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
গত ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন ভেঙে পড়ে, ঠিক তখন আওয়ামী লীগ সরকারের সময় দায়িত্ব পাওয়া চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সরিয়ে ৭ আগস্ট পুলিশের শীর্ষ পদ পৃুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয় ময়নুল ইসলামকে।
পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানসহ সদর দপ্তরে দায়িত্ব পালন করেছেন বাহারুল আলম। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতিসংঘ সদর দপ্তরের শান্তি রক্ষা বিভাগে পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন। এর আগে ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনে দায়িত্ব পালন করেন। দুই দফা পদোন্নতিবঞ্চিত এই কর্মকর্তা ২০২০ সালে অবসরে যান।
এছাড়া, আইজিপির সঙ্গে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার পদেও পরিবর্তন আনা হয়েছে। ডিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ সাজ্জাত আলী।
শেখ সাজ্জাত আলী আওয়ামী লীগ সরকারের আমলে চাকরি হারান। সম্প্রতি তার চাকরি পুনর্বহাল করে অন্তর্বর্তী সরকার।
১৯৮৪ সালে সাজ্জাত আলী বিসিএস পুলিশ ক্যাডারে পুলিশে কর্মজীবন শুরু করেন। তিনি একসময় ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ছিলেন। লক্ষ্মীপুরের পুলিশ সুপারও ছিলেন। চাকরি জীবনে তিনি চট্টগ্রাম ও ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন। এছাড়া হাইওয়ে পুলিশ গঠন হলে সেখানেও ডিআইজির দায়িত্ব পান। পরবর্তীতে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদরদপ্তরে কর্মরত ছিলেন।
আওয়ামী লীগ সরকার পতনের আগে দায়িত্ব পালন করা ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এখনও লাপাত্তা। আর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন গ্রেপ্তার হয়েছেন। আন্দোলনে প্রাণহানির একাধিক মামলায় তাকে আসামি করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যার’ অভিযোগ জমা পড়েছে তার বিরুদ্ধেও। আসামি হয়েছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরও।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের তিন মাসে দ্বিতীয় দফায় পুলিশের শীর্ষ দুই পদে পরিবর্তনের পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাংবাদিকদের বলেন, আজকে (বুধবার) পুলিশে একটা বড় পরিবর্তন এসেছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করার জন্য এই পরিবর্তন আনা হয়েছে।
প্রশাসনসহ বিভিন্ন জায়গায় যেখানে স্থবিরতার প্রশ্ন উঠছে, সেখানেও পরিবর্তন নিয়ে আসা হবে। আমরা জনকল্যাণ ও দেশের সার্বিক পরিস্থিতি উন্নতি করতে যেন সক্ষম হই, সেজন্য এই কাজগুলো করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪