আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:
উন্নত সেবা প্রদানের অঙ্গিকার নিয়ে নওগাঁ পৌরবাসীকে সরকারি বিধি মোতাবেক নতুন করের আওতায় আনা হচ্ছে। নীতিমালা অনুযায়ী ৫বছর পর পর মহানগর ও পৌরসভাগুলোতে এই কর বৃদ্ধি করা হয়। তদানুযায়ী নওগাঁ পৌরসভার হোল্ডিং ট্যাক্স ও পানি বিল বৃদ্ধি করা হয়েছে যা ১ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ থেকে কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছেন নওগাঁ পৌরসভার প্রশাসক টি.এম.এ. মমিন।
শহরের বাসিন্দা সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান বলেন প্রতিনিয়তই দেশের সার্বিক উন্নয়ন করা হচ্ছে। কিন্তু নওগাঁ পৌরসভার তেমন একটা পরিবর্তন নেই। পৌরসভার সার্বিক পরিবর্তনের লক্ষ্যে সকল শ্রেণির বাসিন্দাদের কথা বিবেচনা করে পৌরকর সহনীয় হারে বৃদ্ধি করা যেতে পারে। এছাড়া পৌরবাসীকেও আরো সচেতন হতে হবে। বছরের পর বছর পৌরসভা থেকে সেবা গ্রহণ করবো আর নিয়মিত কর পরিশোধ করবো না এটা এক প্রকার রাষ্ট্রবিরোধী কাজ। তাই পৌরসভা থেকে আরো উন্নত সেবা পাওয়ার আশায় সবারই নিয়মিত পৌরকর প্রদান করা নৈতিক দায়িত্ব বলে তিনি মনে করেন।
নওগাঁ পৌরসভার প্রশাসক টি.এম.এ. মমিন বলেন, একটি পৌর সভার প্রধান রাজস্ব আয়ই হলো বিভিন্ন ধরনের কর, রেইট, টোল ইত্যাদি। আদায়কৃত করের উপর নির্ভর করে একটি পৌর সভার সকল কার্যক্রম। বিদ্যুৎ বিভাগের নিকট পৌরসভার বিদ্যুৎ বিল বকেয়া আছে প্রায় সাড়ে চার কোটি টাকা। বিদ্যুৎ অফিস থেকে বিল পরিশোধের জন্য ঘন ঘন তাগাদা দিচ্ছে। এই বিপুল পরিমাণ বকেয়া কিভাবে পরিশোধ করা হবে আমার জানা নাই। বিদ্যুৎ বিভাগ লাইন বিচ্ছিন্ন করতেও পারে। সেক্ষেত্রে পৌরসভার পানি সরবরাহ, সড়ক বাতি এগুলো বন্ধ হয়ে যাবে।
তিনি আরো বলেন পৌরসভার অভ্যন্তরে পরিস্কার পরিচ্ছন্নতা, মশক নিধন, জলাবদ্ধতা নিরসন, ড্রেন পরিস্কার ইত্যাদি কাজ যতটুকু করা উচিত সে পরিমাণ রাজস্ব আয় ও লজিস্টিক সক্ষমতা এই পৌরসভার নেই। আমি চেস্টা করছি, দেখা যাক কতটুকু করা যায়। পৌর এলাকার উন্নয়নমূলক কর্মকান্ড ও পৌর সভার সকল কর্মচারীদের বেতন ভাতা আদায়কৃত করের টাকাতেই দিতে হয়। প্রতিবছরের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হয় পৌর করের উপর। পৌর সভা থেকে উন্নত সেবা প্রাপ্তির প্রধান শর্ত হচ্ছে নিয়মিত কর প্রদান। কিন্তু বর্তমানে নওগাঁর অনেক নাগরিকগণই নিয়মিত পৌর সভার কর প্রদান করেন না। যার কারণে আজ পৌরসভা কোটি কোটি টাকার ঋণের জালে জড়িয়ে পড়েছে।
তিনি বলেন সরকারি বিধি মোতাবেক হোল্ডিং ট্যাক্স ও পানির বিল বৃদ্ধির বিষয়ে ইতোমধ্যে প্রেস ব্রিফিং ও মাইকিং করা হয়েছে। কোনো হোল্ডিং এর মালিক বর্ধিত করের বিষয়ে সংক্ষুব্ধ হলে বিধি মোতাবেক আপীল করার সুযোগ আছে। আপীল শুনানীর জন্য নির্ধারিত কমিটি শুনানী অন্তে চুড়ান্ত ট্যাক্স নির্ধারণ করবেন। এদিকে বহুবছর হলো যে সকল হোল্ডিং-এ বকেয়া অনাদায়ী পাওনা আছে সে সব আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পৌরসভার সার্বিক উন্নয়নে নিয়মিত পৌরকর পরিশোধ করা একজন নাগরিকের দায়িত্ব। নাগরিক দায়িত্ব পালন করুন, পৌরসভার সেবা নিন। নওগাঁ পৌরসভাকে দীর্ঘদিনের জরাজীর্ণ অবস্থা থেকে মুক্ত করে একটি মডেল পৌরসভা বিনির্মাণ করতে তিনি পৌরবাসীর সার্বিক সহযোগিতা করেছেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪