নিজস্ব প্রতিবেদক
জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকেই পুলিশ সদস্যদের মধ্যে বর্তমান পোশাক পরিবর্তনের দাবি উঠেছিল। সেই দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার এ বছরের শুরুতে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। নয় মাস পর নভেম্বরেই নতুন ইউনিফর্ম পাচ্ছেন পুলিশ সদস্যরা।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, নতুন পোশাকের রঙ নির্ধারণ করা হয়েছে লোহার (আয়রন) রঙের। র্যাবের পোশাক হবে জলপাই (অলিভ) রঙের এবং আনসারের পোশাকের রঙ নির্ধারিত হয়েছে সোনালি গমের (গোল্ডেন হুইট)।
প্রথম ধাপে মেট্রোপলিটন পুলিশের সদস্যরা নতুন ইউনিফর্ম পাবেন। পর্যায়ক্রমে জেলা পর্যায়ের সদস্যদের কাছেও পৌঁছে দেওয়া হবে নতুন পোশাক।
পুলিশ সদর দপ্তরের ডিআইজি (লজিস্টিক্স) খোন্দকার নজমুল হাসান সাংবাদিকদের বলেন,
“১৫ নভেম্বরের মধ্যে নতুন ইউনিফর্ম দেখা যাবে। ওই দিন থেকে ডিএমপিসহ সব মেট্রোপলিটনে নতুন পোশাক পরা শুরু হবে। পরে ধাপে ধাপে সব ইউনিটে বিতরণ করা হবে।”
পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন পোশাকের কাপড় দেশের আবহাওয়া ও কর্মপরিবেশের সঙ্গে মানানসই কি না, তা পরীক্ষা করা হয়েছে। সদস্যরা নতুন পোশাকে আরামবোধ করছেন কি না, সেটিও যাচাই করা হয়েছে।
ডিএমপিতে কর্মরত কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যায়ের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, জেলা ও মেট্রোপলিটন পুলিশের জন্য আলাদা রঙের ইউনিফর্ম থাকা উচিত ছিল। সবাই একই রঙের পোশাক পরলে কে কোন ইউনিটের তা বোঝা কঠিন হবে বলে তাদের মত।
র্যাব ও আনসার বাহিনীর নতুন ইউনিফর্ম তৈরির প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি। র্যাবের বর্তমান কালো পোশাক পরিবর্তনের কথা থাকলেও জলপাই রঙের নতুন ইউনিফর্ম এখনো অনুমোদন পায়নি।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন,
“জানুয়ারিতে মন্ত্রণালয়ে নতুন পোশাকের নমুনা দেখানো হয়েছিল। এরপর আর কোনো আপডেট নেই। এখনো কালো পোশাকই ব্যবহার করছি।”
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন পোশাক নিয়েও অনিশ্চয়তা রয়েছে। গোল্ডেন হুইট রঙের বিষয়ে বাহিনী আপত্তি জানিয়েছে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
বাংলাদেশ পুলিশের পোশাকের ইতিহাস প্রায় দুইশ বছরের পুরোনো। ব্রিটিশ আমলে পুলিশ সদস্যরা প্রথমে সাদা পোশাক পরতেন। পরে তা নোংরা এড়াতে খাকি রঙে রূপ নেয়।
দেশ স্বাধীন হওয়ার পর ২০০৪ সালে বড় পরিবর্তন আসে, তখন মহানগরে জলপাই রঙ ও জেলা পুলিশে নীল রঙের পোশাক চালু হয়। এরপর ২০০৯ ও ২০২০ সালে আরও কিছু পরিবর্তনের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি।
নির্বাচনের আগে পুলিশের মেট্রোপলিটন ইউনিটগুলো নতুন পোশাকে মাঠে নামবে। তবে দুই লাখের বেশি সদস্যের পুরো বাহিনীকে একইসঙ্গে নতুন ইউনিফর্মে আনা সম্ভব নয় বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪