আবু বাসার, নাটোর প্রতিনিধিঃ
নাটোর সদর উপজেলার আলাইপুর এলাকায় সংঘটিত এক চাঞ্চল্যকর চুরি মামলায় জেলা কারাগারের এক কারারক্ষীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলাটি নাটোর সদর থানায় মামলা নং-২৬, তারিখ: ২০ নভেম্বর ২০২৫, ধারা ৩৮০ পেনাল কোডে দায়ের করা হয়।

পুলিশ জানায়, তদন্তের অংশ হিসেবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন তথ্যের ভিত্তিতে ২০ নভেম্বর প্রথমে গ্রেফতার করা হয় মোঃ মিন্টু ওরফে কালু (৪৫)-কে। তার স্বীকারোক্তির ভিত্তিতে রাজশাহীর এয়ারপোর্ট থানাধীন বায়া বাজার এলাকার ‘বাদশা জুয়েলার্স’ থেকে দোকান মালিক মো. আলমগীর বাদশা (৩৮) এর নিকট থেকে চুরিকৃত দুইটি স্বর্ণের আংটি (মোট ওজন ৪ আনা ৪ রতি) উদ্ধার করা হয়।
সিসিটিভি ফুটেজ ও জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, ১৯ নভেম্বর বিকাল ৫টা ৩৪ মিনিটে নাটোর জেলা কারাগারের কারারক্ষী মোঃ ইউসুফ হোসেন ইমন (২৯) অভিযুক্ত মিন্টু ও জসিমকে সঙ্গে নিয়ে উক্ত স্বর্ণের আংটিগুলো বাদশা জুয়েলার্সে ৩১ হাজার টাকায় বিক্রি করেন।

মিন্টু ও আলমগীরের স্বীকারোক্তি এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কারারক্ষী ইউসুফের সম্পৃক্ততা প্রাথমিকভাবে নিশ্চিত হলে বিষয়টি নাটোর জেল কর্তৃপক্ষকে জানানো হয়। পরবর্তীতে তারা প্রটোকল অনুযায়ী ইউসুফকে পুলিশের নিকট হস্তান্তর করলে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়।
নাটোর জেলা পুলিশ জানায়, ঘটনার গভীরতর তদন্ত চলছে এবং সাম্প্রতিক সময়ে শহরে সংঘটিত অন্যান্য চুরির ঘটনার সঙ্গে এই চক্রের কোনো সম্পৃক্ততা আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নাটোরের জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা বিধানে নাটোর জেলা পুলিশ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪