নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের অস্বাভাবিক আচরণ, ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় নৌ পুলিশের এক কর্মকর্তার অস্বাভাবিক আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে নৌ পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল মান্নানকে নাচতে, গান গাইতে এবং চিৎকার-চেঁচামেচি করতে দেখা যায়। এ সময় একটি চায়ের দোকানে চেয়ার-টেবিল ভাঙচুরের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে সদর নৌ থানার পাশের সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের ভাষ্য, ওই রাতে এএসআই আব্দুল মান্নানকে বেশ কিছু সময় ধরে অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়। তিনি আশপাশের মানুষের সঙ্গে উচ্চস্বরে কথা বলেন এবং বিভিন্ন ধরনের অসংলগ্ন কথাবার্তা বলেন। উপস্থিত কয়েকজন বিষয়টি মোবাইল ফোনে ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওর একটি অংশে তাকে নিজেকে পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতে দেখা যায়। একপর্যায়ে তিনি হাতে থাকা মোবাইল ফোন ছুড়ে ফেলেন এবং মানিব্যাগ থেকে টাকা বের করে ছড়িয়ে দেন। একই ঘটনায় চায়ের দোকানের আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ করতেও একজনকে ভিডিওতে শোনা যায়।
ঘটনার পর এএসআই আব্দুল মান্নান মদ্যপ অবস্থায় ছিলেন- এমন অভিযোগও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। তবে তিনি মদ্যপ ছিলেন কি না, এ বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি।
সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান শনিবার (৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বাগ্বিতণ্ডার পর আব্দুল মান্নান এমন আচরণ করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে মদ্যপ থাকার বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ওসি আরও জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে প্রকৃত ঘটনা ও ঘটনার পেছনের কারণ স্পষ্ট হওয়ার পর সংশ্লিষ্টতার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর একজন পুলিশ সদস্যের এমন আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪