নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর ধামইরহাট থানায় দায়ের হওয়া একটি পর্নোগ্রাফি ও সাইবার অপরাধ মামলার তদন্তে টাঙ্গাইল থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি মোঃ আলিফ হোসেন (৩২), টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার চরবিরসিংহ গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, ধামইরহাট উপজেলার বাসিন্দা শাফিরুল ইসলাম থানায় অভিযোগ করেন যে, অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা তার মেয়ের নগ্ন ও অশ্লীল ছবি অনলাইনে ছড়িয়ে দিয়েছে। অভিযোগের ভিত্তিতে ধামইরহাট থানায় মামলা রুজু করা হয়।
বিষয়টি নওগাঁ জেলা পুলিশের নজরে এলে পুলিশ সুপার ঘটনাটিকে গুরুত্ব সহকারে তদন্তের নির্দেশ দেন। তার নির্দেশনায় ধামইরহাট থানার একটি বিশেষ আভিযানিক দল তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও সাইবার তদন্তের মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত করে।
পরবর্তীতে গত ৮ জুন ২০২৬ তারিখে টাঙ্গাইল জেলার গোপালপুর এলাকায় অভিযান পরিচালনা করে আলিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ জানায়, জব্দকৃত মোবাইল ফোনে মামলার ভিকটিমের অশ্লীল ছবি ও ভিডিওসহ আরও তিন তরুণীর (ছদ্মনাম রুমা, নিপা ও হালিমা) নগ্ন ও অশ্লীল ছবি-ভিডিও পাওয়া গেছে। এছাড়াও তার স্ত্রীর নগ্ন ভিডিওও উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছে যে, সে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তরুণীদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলত। পরে কৌশলে তাদের ব্যক্তিগত ও আপত্তিকর ছবি-ভিডিও সংগ্রহ করে সংরক্ষণ করত। এসব ছবি ও ভিডিও ব্যবহার করে ভুক্তভোগীদের জিম্মি করে বিভিন্নভাবে সুবিধা আদায়ের চেষ্টা করত। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত এসব কর্মকাণ্ডের মাধ্যমে বিকৃত আনন্দ লাভ করত।
গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, নারী ও শিশুর বিরুদ্ধে পর্নোগ্রাফি, সাইবার হয়রানি এবং অনলাইনে অশ্লীল কনটেন্ট ছড়িয়ে দেওয়ার মতো ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধ কঠোরভাবে দমন করা হবে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪