
নিজস্ব প্রতিবেদক,
নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে স্বামী-স্ত্রীকে গলা কেটে এবং তাঁদের দুই শিশুকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন, বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তাঁর স্ত্রী পপি খাতুন (৩০), তাঁদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। পারভেজ স্থানীয় বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার ভোরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শোয়ার ঘর থেকে মরদেহগুলো উদ্ধার করে। প্রাথমিক আলামত অনুযায়ী, দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে এবং শিশুদের ভোঁতা কোনো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে হত্যা নিশ্চিত করা হয়েছে।
স্থানীয়রা বলছেন, জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকান্ড ঘটতে পারে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমিজমা নিয়ে পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ওসি আরও বলেন, "ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে সিআইডি ও পিবিআই এর বিশেষ টিমকেও খবর দেওয়া হয়েছে।"
এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪