মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নজিপুর-বাবনাবাজ-চকদোচাই-গগনপুর, চন্ডিপুর গ্রামের বেহাল রাস্তার সংস্কার ও প্রশস্তকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার( ১২ এপ্রিল) দুপুরে ওই রাস্তায় দাড়িয়ে এলাকার স্থানীয় কৃষক, নারী, শিক্ষক শিক্ষার্থীসহ আশপাশের ৪/ ৫ টি গ্রামের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এই মানববন্ধন করেন।
গ্রামবাসীরা বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটির বিভিন্ন স্থানে ভেঙ্গে যাওয়ায় ও ব্যবহারে ঝুঁকিপূর্ণ হওয়ায় অত্র এলাকার জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। খড়া মওসুমে ধুলা আর বর্ষা মওসুমে কাদা। রাস্তার কারণে বর্ষা মওসুমে শিশু কিশোরেরা স্কুলে যাওয়া বন্ধ করে দেন এতে শিক্ষা ব্যহত হয়। বর্ষা মওষমে কোন প্রসূতি মায়ের প্রসব ব্যাথা উঠলে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া কষ্টকর হয়ে পরে, অসুস্থ প্রবীণ ব্যক্তিদের মেডিকেলে নেওয়ার সমস্যায় মারাও যায়, রাস্তায় উচু নিচু গর্ত। তাই খড়া ও বর্ষা দুই মওসুমেই চরম ভোগান্তি। বিগত সময়ে বার বার বললেও কেউ এগিয়ে আসেনি। দ্রুত এই রাস্তার সংস্কার উন্নয়ন কাজ করার দাবি স্থানীয় এলাকাবাসীর।
স্থানীয় মো: সাজেদুর রহমান (রুস্তম )বলেন, "যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় শিক্ষার্থীরা প্রতিদিন স্কুলে যেতে দুর্ভোগ পোহাচ্ছে এবং কৃষকের উৎপাদিত পণ্য বাজারে নিতে সমস্যা হচ্ছে।"
এই এলাকার বাসিন্দা জনস্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ হাসান আলী বলেন, এই রাস্তা দূর্ঘটনাপ্রবণ, শিশু, নারী ও বয়স্ক ব্যাক্তিদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই রাস্তার কারণে জরুরি চিকিৎসা পেতে সমস্যা হচ্ছে। অসুস্থ ও গর্ভবতী নারীদের সন্ধ্যার পর এই ভাঙা রাস্তায় চলাচল কঠিন হয়ে যাওয়াতে এই পথে চলাচলকারী যাত্রী ও যানবাহনের সংখ্যা ব্যাপকভাবে কমে যাচ্ছে। এতে রাস্তাটি নারীসহ সকলের জন্য অনিরাপদ ও বিপদের কারণ হয়ে উঠেছে।"
এই এলাকার একজন ব্যাংকার রহমতুল্লাহ বলেন, রাস্তাটি সরু হওয়ায় চলাচলকারী যানবাহনের প্রকারভেদ ও গুরুত্ব বিবেচনায় এটি প্রশস্তকরণের আশু প্রয়োজন।"
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও বিভিন্ন ফেস্টুন হাতে নিয়ে স্লোগানে স্লোগানে তাদের এসকল দাবির কথা জানান।
অবহেলায় ক্ষতিগ্রস্ত জনজীবন – "চাই দ্রুত সংস্কার”, “আমার রাস্তা, আমার অধিকার – চাই টেকসই সংস্কার।”, “ভাঙা রাস্তা মানে কৃষকের ক্ষতি”, “গর্ভবতী মায়ের জন্য নিরাপদ রাস্তা চাই”, “শিক্ষার পথে যেন বাধা না হয় রাস্তা, ইত্যাদি স্লোগানে মুখর হয়ে ওঠে মানববন্ধনস্থল।
বিশ্ববিদ্যালয় শিক্ষক মো: ফিরোজ আলী বলেন, “এই রাস্তা আমাদের নিত্যদিনের জীবনযাত্রার সঙ্গে সরাসরি জড়িত। কৃষক, নারী, ছাত্র-ছাত্রী, শিশু, বৃদ্ধ, বিভিন্ন পেশাজীবি – সবাইকে প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বহুবার যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ দৃশ্যমান হয়নি”।
মানববন্ধন থেকে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে টেকসই এবং সঠিক মানসম্পন্ন সংস্কার ও প্রশস্তকরণের কাজ শুরু করার আহ্বান জানানো হয়। সাধারণ জনগণের পক্ষ থেকে জানানো হয়, তারা কোনো দলীয় উদ্দেশ্যে নয়, বাস্তব সমস্যা সমাধানের দাবিতে একত্রিত হয়েছেন, এবং ভবিষ্যতে দাবি আদায়ে আরও কর্মসূচি ঘোষণা করা হবে যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়। আগামী বর্ষা মওসুমের আগেই রাস্তা সংস্কার করে এই জন দুর্ভোগ হতে গ্রামবাসী মুক্তি চায়।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪