সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার কলারোয়ায় পরপর কন্যা সন্তান জন্মের পর আবারও মেয়ে সন্তান জন্ম নেওয়ায় পাঁচ দিনের নবজাতককে খালে ফেলে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। পুলিশ ওই মা শারমিন আক্তারকে (৩২) গ্রেপ্তার করেছে।
ঘটনাটি ঘটেছে সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার রঘুনাথপুর গ্রামে। মঙ্গলবার সকালে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
ওসি শেখ সাইফুল ইসলাম বলেন, সোমবার রাত ৮টার দিকে শিশুটির বাবা ইব্রাহিম খলিল (৪২) থানায় এসে কন্যাশিশু নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে চান। তাঁর বক্তব্য সন্দেহজনক মনে হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর মা শারমিন আক্তারের সঙ্গে কথা বলে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, তাঁদের পাঁচ বছর ও দেড় বছরের দুটি কন্যা সন্তান রয়েছে। পরপর কন্যা সন্তান জন্ম নেওয়ায় নবজাতক কন্যাকে তিনি খালে ফেলে দেন।
পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির পাশের সরকারি খালের কচুরিপানার ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নবজাতকটিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা আজাহার আলী বলেন, সোমবার সন্ধ্যা থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না বলে বাবা–মা দাবি করছিলেন। তবে তাঁদের আচরণ দেখে অনেকেরই সন্দেহ হয়। পরে রাতেই পুলিশ ও গোয়েন্দা সংস্থা (ডিবি) যৌথভাবে অভিযান চালিয়ে খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
ওসি শেখ সাইফুল ইসলাম জানান, শিশুটির দাদী খাদিজা খাতুন বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত মা শারমিন আক্তারকে আদালতে পাঠানো হয়েছে। মৃত নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
ঘটনার পর রাতেই অতিরিক্ত পুলিশ সুপার মিঠুন সরকার, ডিবি, পিবিআই কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪