নিজস্ব প্রতিবেদক,
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে সম্পন্ন হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজন হলে বিশেষ আদালতের ছুটি বাতিলের সিদ্ধান্তও নেওয়া হতে পারে।
আজ রোববার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আজ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেওয়া হবে। বিশেষ এই আদালতে পাঁচ থেকে সাত দিনের মধ্যে বিচারকাজ সম্পন্ন হবে বলে আশা করছি।”
তিনি আরও বলেন, ঘটনার পর মাত্র সাত ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তদন্তে দ্রুততার সঙ্গে ডিএনএ পরীক্ষা, ময়নাতদন্ত ও অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে। “গতকাল রাতের মধ্যেই চার্জশিট প্রস্তুত করা হয়েছে। সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে,” বলেন তিনি।
এদিকে মামলার প্রধান আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে আজ আদালতে হাজির করা হয়েছে।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ইতিমধ্যে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ডিএনএ, ভিসেরা ও ময়নাতদন্ত প্রতিবেদন অগ্রাধিকার ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের আশা, এসব তথ্য আদালতে আসামিদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উপস্থাপন করা যাবে।
গত মঙ্গলবার রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে আট বছর বয়সী রামিসার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। পরে ২০ মে নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪