নিজস্ব প্রতিবেদক,
নওগাঁর মহাদেবপুর উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক সার ও কীটনাশক ব্যবসায়ীকে মারধর ও দোকান থেকে টাকা লুটের অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার সারতা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ীর নাম আব্দুল মান্নান (৩২)। তিনি সারতা গ্রামের বাসিন্দা এবং গ্রামের মোড়ে সার ও কীটনাশকের দোকান চালান। এ ঘটনায় একই গ্রামের নবীর উদ্দিনের ছেলে মনিরুজ্জামান (২৫) এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী আব্দুল মান্নান জানান, প্রায় দুই বছর আগে মনিরুজ্জামান তার দোকান থেকে সার ও কীটনাশক বাকিতে নেন। সে সময় কীটনাশকের বাবদ প্রায় পাঁচ হাজার টাকা বাকি পড়ে। পরে একাধিকবার টাকা চাইলে মনিরুজ্জামান নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন।
মান্নানের দাবি, শুক্রবার সকালে মনিরুজ্জামান আবারও দোকানে এসে বাকিতে কীটনাশক চান। তবে আগের পাওনা টাকা পরিশোধ না করায় তিনি আর বাকিতে পণ্য দিতে রাজি হননি। এতে ক্ষুব্ধ হয়ে মনিরুজ্জামান সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর তিনি কয়েকজনকে সঙ্গে নিয়ে দোকানে এসে হামলা চালান। হামলার সময় তাকে মারধর করা হলে তিনি গুরুতর আহত হয়ে জ্ঞান হারান। এ সুযোগে অভিযুক্তরা দোকানের ক্যাশবাক্সে থাকা টাকা ও কিছু মালামাল নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মনিরুজ্জামান। তার দাবি, “আব্দুল মান্নানের সঙ্গে কোনো মারামারি হয়নি। শুধু টাকা পাওনা নিয়ে আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে।”
মহাদেবপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪